চাকরি খুঁজতে জার্মানির ‘অপরচুনিটি কার্ড’, জেনে নিন শর্ত
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ৬:২৪ অপরাহ্ণ, আগস্ট ৬, ২০২৬
জার্মানিতে চাকরি খুঁজতে আগ্রহী ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও ইউরোপীয় অর্থনৈতিক অঞ্চল (ইইএ)-এর বাইরের নাগরিকদের জন্য ‘অপরচুনিটি কার্ড’ নামে নতুন ভিসা ব্যবস্থা চালু করেছে দেশটি। এ বিশেষ ভিসার মাধ্যমে চাকরির অফার ছাড়াই সর্বোচ্চ এক বছরের জন্য জার্মানিতে গিয়ে চাকরি খোঁজার সুযোগ মিলবে।
অপরচুনিটি কার্ড মূলত তাদের জন্য, যারা এখনো জার্মানিতে কোনো চাকরির অফার পাননি, পেশাগত যোগ্যতার স্বীকৃতি অর্জন করেননি অথবা বিশ্ববিদ্যালয় কিংবা ভোকেশনাল প্রশিক্ষণে ভর্তি হননি।
কার্ডের জন্য আবেদন করতে বিদেশি ডিগ্রি বা পেশাগত যোগ্যতার প্রমাণ দিতে হবে। যোগ্যতা জার্মানিতে স্বীকৃত হলে সরাসরি আবেদন করা যাবে। অন্যথায় পয়েন্টভিত্তিক মূল্যায়নে অন্তত ছয় পয়েন্ট অর্জন করতে হবে। শিক্ষাগত যোগ্যতা, পেশাগত অভিজ্ঞতা, ভাষাজ্ঞান এবং স্বীকৃত পেশায় দক্ষতার ভিত্তিতে এ পয়েন্ট নির্ধারণ করা হয়।
জার্মানি বর্তমানে স্বাস্থ্যসেবা, তথ্যপ্রযুক্তি, প্রকৌশল ও শিক্ষকতা খাতকে দক্ষ জনবলের সংকটপূর্ণ খাত হিসেবে বিবেচনা করছে। এসব বিষয়ে ডিগ্রি থাকলে আবেদনকারীরা অতিরিক্ত পয়েন্ট পাবেন।
আবেদনকারীদের জার্মান বা ইংরেজি ভাষায় দক্ষতার প্রমাণও দিতে হবে। এ ক্ষেত্রে গোয়েথে ইনস্টিটিউট, আইইএলটিএস বা টোফেলের সনদ গ্রহণযোগ্য। তবে সনদ এক বছরের বেশি পুরোনো হলে তা গ্রহণ করা হবে না। যাদের ডিগ্রি জার্মানিতে স্বীকৃত, তাদের ভাষাজ্ঞানের আলাদা সনদ প্রয়োজন হবে না।
এ ছাড়া আবেদনকারীকে প্রমাণ করতে হবে যে, জার্মানিতে অবস্থানকালে তিনি নিজের খরচ বহন করতে পারবেন। মাসে অন্তত ১ হাজার ৯১ ইউরো সমপরিমাণ আর্থিক সক্ষমতার প্রমাণ দেখাতে হবে। তা না হলে ব্লকড অ্যাকাউন্টে অর্থ জমা রাখা অথবা জার্মানিতে অবস্থানরত আত্মীয়স্বজনের কাছ থেকে ডিক্লারেশন অব কমিটমেন্ট জমা দিতে হবে।
আবেদনের জন্য প্রয়োজন হবে বৈধ পাসপোর্ট, শিক্ষাগত যোগ্যতার সনদ, স্বীকৃতির সনদ বা তুলনামূলক বিবৃতি, ভাষাজ্ঞানের সনদ (যদি প্রয়োজন হয়), আর্থিক সক্ষমতার প্রমাণ, স্বাস্থ্যবীমা এবং ডিজিটাল আবেদন ফর্ম।
প্রথম পর্যায়ে অপরচুনিটি কার্ডের মেয়াদ হবে ১২ মাস। এ সময়ের মধ্যে সপ্তাহে সর্বোচ্চ ২০ ঘণ্টা কাজ করা যাবে। পূর্ণকালীন চাকরি পাওয়া গেলে আবেদনকারী ইইউ ব্লু কার্ড, দক্ষ কর্মীর ভিসা বা অভিজ্ঞ কর্মীর ভিসার মতো উপযুক্ত রেসিডেন্স টাইটেলের জন্য আবেদন করতে পারবেন।
স্বামী-স্ত্রী একসঙ্গে আবেদন করে জার্মানিতে প্রবেশ করতে পারবেন। তবে একজনের অপরচুনিটি কার্ড থাকলেই অন্যজন স্বয়ংক্রিয়ভাবে কাজের অনুমতি পাবেন না। প্রয়োজনীয় শর্ত পূরণ সাপেক্ষে সন্তানদেরও সঙ্গে নেওয়া যাবে।
জার্মান সরকারের এ উদ্যোগের ফলে বাংলাদেশসহ বিভিন্ন দেশের দক্ষ কর্মীদের জন্য দেশটিতে গিয়ে চাকরি খোঁজার নতুন সুযোগ তৈরি হয়েছে।



