কানাডার কাজ ও পড়াশোনার ভিসা পেতে লাগবে আরও বেশি সময়

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ৬:২৯ অপরাহ্ণ, আগস্ট ৬, ২০২৬

কানাডার অভিবাসন বিভাগ ইমিগ্রেশন, রিফিউজি অ্যান্ড সিটিজেনশিপ কানাডা (আইআরসিসি) অস্থায়ী ভিসা আবেদনের সর্বশেষ প্রক্রিয়াকরণ সময় প্রকাশ করেছে। নতুন তথ্য অনুযায়ী, কাজ ও স্টাডি ভিসার ক্ষেত্রে কয়েকটি দেশের আবেদনকারীদের অপেক্ষার সময় বেড়েছে।

কাজের ভিসার ক্ষেত্রে কানাডার ভেতর থেকে আবেদনকারীদের জন্য প্রক্রিয়াকরণ সময় ১২২ দিন থেকে কমে ১২০ দিন হয়েছে। তবে পাকিস্তানের আবেদনকারীদের জন্য সময় ১০ সপ্তাহ থেকে বেড়ে ১১ সপ্তাহ এবং নাইজেরিয়ার জন্য ৬ সপ্তাহ থেকে ৭ সপ্তাহ হয়েছে। অন্যদিকে ফিলিপাইনের আবেদনকারীদের জন্য সময় কমে ৬ সপ্তাহ হয়েছে।

স্টাডি ভিসার ক্ষেত্রে টানা চার সপ্তাহ অপরিবর্তিত থাকার পর এবার পাকিস্তান ও নাইজেরিয়ার আবেদনকারীদের জন্য অপেক্ষার সময় এক সপ্তাহ বেড়েছে। পাকিস্তানের জন্য এখন ৭ সপ্তাহ, যা আগে ছিল ৬ সপ্তাহ। নাইজেরিয়ার জন্য এখন ৬ সপ্তাহ, আগে ছিল ৫ সপ্তাহ। কানাডা, ভারত, যুক্তরাষ্ট্র ও ফিলিপাইনের আবেদনকারীদের ক্ষেত্রে সময় অপরিবর্তিত রয়েছে।

ভিজিটর ভিসার ক্ষেত্রেও কিছু পরিবর্তন এসেছে। কানাডা ও যুক্তরাষ্ট্রের আবেদনকারীদের জন্য সময় কিছুটা কমলেও পাকিস্তান ও নাইজেরিয়ার আবেদনকারীদের অপেক্ষার সময় বেড়েছে। পাকিস্তানের জন্য এখন ৪৩ দিন, আগে ছিল ৪০ দিন। নাইজেরিয়ার জন্য সময় বেড়ে ৬৪ দিন হয়েছে।

সুপার ভিসার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ছাড়া প্রায় সব দেশের আবেদনকারীদের জন্য অপেক্ষার সময় বেড়েছে। ভারতের জন্য এখন ৫২ দিন, পাকিস্তানের জন্য ১৯৬ দিন, নাইজেরিয়ার জন্য ৪১ দিন এবং ফিলিপাইনের জন্য ৭৩ দিন সময় লাগছে।

আইআরসিসি জানিয়েছে, প্রকাশিত সময়সীমা কেবল আনুমানিক। আবেদনকারীর কেসের জটিলতা, অতিরিক্ত নথির প্রয়োজন, আবেদনজট এবং সংশ্লিষ্ট ভিসা অফিসের সক্ষমতার ওপর নির্ভর করে প্রকৃত সময় কম বা বেশি লাগতে পারে।

সংস্থাটি আরও জানিয়েছে, অস্থায়ী ভিসার প্রক্রিয়াকরণ সময় প্রতি সপ্তাহে হালনাগাদ করা হয়, আর স্থায়ী ভিসা ও নাগরিকত্বসংক্রান্ত তথ্য মাসে একবার প্রকাশ করা হয়। সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম পাঁচ মাসে আইআরসিসি ১২ লাখের বেশি অস্থায়ী ভিসার আবেদন নিষ্পত্তি করেছে। তবে মে মাসের শেষে এখনো ৪ লাখের বেশি আবেদন প্রক্রিয়াধীন রয়েছে।

কানাডায় পড়াশোনা বা কাজের পরিকল্পনা করছেন বাংলাদেশি আবেদনকারীদের জন্যও এ তথ্য গুরুত্বপূর্ণ। ভিসা প্রক্রিয়ায় সম্ভাব্য বিলম্ব বিবেচনায় রেখে প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত ও আবেদন আগেভাগে করার পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্টরা।