বিদেশি শিক্ষার্থীদের জন্য পিআরের পথ সহজ করছে অস্ট্রেলিয়া
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ৬:৩১ অপরাহ্ণ, আগস্ট ৬, ২০২৬
অস্ট্রেলিয়ায় অবস্থানরত আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য স্থায়ী আবাসনের (পিআর) পথে নতুন সুযোগ তৈরি হয়েছে। দেশটির নতুন অভিবাসন নীতিতে প্রয়োজনীয় পেশায় দক্ষতা অর্জন ও কাজের অভিজ্ঞতা থাকা অনশোর আবেদনকারীদের অগ্রাধিকার দেওয়ার ইঙ্গিত মিলেছে।
সিডনিভিত্তিক ইমিগ্রেশন কনসালট্যান্ট কাউসার খানের বরাতে প্রথম আলো জানিয়েছে, যারা ইতোমধ্যে অস্ট্রেলিয়ায় থেকে পড়াশোনা শেষ করেছেন এবং প্রয়োজনীয় পেশায় কাজের সুযোগ বা দক্ষতার স্বীকৃতি অর্জন করবেন, তাদের জন্য স্থায়ী আবাসনের পথ আগের তুলনায় আরও সহজ হতে পারে।
এ ছাড়া ওয়ার্কিং হলিডে কর্মসূচির আওতায় অস্ট্রেলিয়ায় এসে চাকরি খুঁজে অনশোর থেকেই আবেদন করার সুযোগকেও উৎসাহিত করছে দেশটি। নতুন নীতির মূল বার্তা হলো—আগে অস্ট্রেলিয়ায় এসে কাজ করুন, এরপর স্থায়ী আবাসনের জন্য আবেদন করুন।
তবে নতুন এ নীতি অনশোর শিক্ষার্থীদের জন্য ইতিবাচক হলেও অস্ট্রেলিয়ার বাইরে অবস্থানরত বা অফশোর আবেদনকারীদের জন্য তা হতাশার খবর হিসেবে দেখা হচ্ছে।
প্রতিবেদনে বলা হয়েছে, অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন দিকনির্দেশনার ফলে দেশের বাইরে থেকে আবেদনকারী অনেক দক্ষ পেশাজীবীর স্থায়ী আবাসনের সুযোগ কঠিন হয়ে যেতে পারে।
বিশ্লেষকদের মতে, রাজনৈতিক চাপ এবং আসন্ন নির্বাচনকে সামনে রেখে অভিবাসীর সংখ্যা নিয়ন্ত্রণে রাখার অংশ হিসেবেই সরকার এ নীতিগত পরিবর্তন এনেছে। ফলে অস্ট্রেলিয়ার বাইরে থেকে আবেদনকারীদের তুলনায় দেশটিতে অবস্থানরত আন্তর্জাতিক শিক্ষার্থী ও কর্মীরা বেশি সুবিধা পাবেন বলে ধারণা করা হচ্ছে।
অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষার পরিকল্পনা করা শিক্ষার্থীদের নতুন নীতিগুলো সম্পর্কে আগেভাগেই ধারণা নেওয়া উচিত। কারণ অনশোরে পড়াশোনা শেষ করে দক্ষ পেশায় কাজের অভিজ্ঞতা অর্জন এখন স্থায়ী আবাসনের ক্ষেত্রে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।



