আমেরিকার ভিসা ও গ্রিন কার্ড আবেদনে নতুন কড়াকড়ি

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ৭:০৩ অপরাহ্ণ, আগস্ট ৬, ২০২৬

আমেরিকায় ভিসা, গ্রিন কার্ডসহ বিভিন্ন অভিবাসন-সুবিধার আবেদন প্রক্রিয়ায় নতুন কড়াকড়ি আরোপ করেছে দেশটির সরকার। নতুন নীতিমালা অনুযায়ী, অসম্পূর্ণ বা প্রয়োজনীয় নথিপত্র ছাড়া জমা দেওয়া আবেদন অতিরিক্ত তথ্য চাওয়া ছাড়াই সরাসরি বাতিল করে দিতে পারবেন অভিবাসন কর্মকর্তারা।

বৃহস্পতিবার (৬ আগস্ট) ভারতীয় সংবাদ সংস্থা এএনআইয়ের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা (ইউএসসিআইএস) বুধবার (৫ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আবেদনকারীদের আবেদন জমা দেওয়ার সময়ই সংশ্লিষ্ট অভিবাসন-সুবিধার জন্য প্রয়োজনীয় সব নথি ও যোগ্যতার প্রমাণ দাখিল করতে হবে। প্রাথমিক নথি বা যোগ্যতার প্রমাণ না থাকলে কর্মকর্তারা রিকোয়েস্ট ফর এভিডেন্স (আরএফই) বা নোটিশ অব ইন্টেন্ট টু ডিনাই (এনওআইডি) জারি না করেই আবেদন বাতিল করতে পারবেন।

ইউএসসিআইএস জানায়, প্রতিটি আবেদন ফরম ও নির্দেশিকায় প্রয়োজনীয় নথির তালিকা স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। ফলে আবেদনকারীরা শুরুতেই পূর্ণাঙ্গ আবেদন জমা দিতে পারবেন।

সংস্থাটির মতে, নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের (ডিএইচএস) দীর্ঘদিনের নিয়ন্ত্রক ক্ষমতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এর মাধ্যমে অভিবাসন ব্যবস্থার স্বচ্ছতা ও কার্যকারিতা বাড়বে এবং ভিত্তিহীন আবেদন কমবে।

এটি বাইডেন প্রশাসনের সময় চালু হওয়া একটি নীতির পরিবর্তন। আগের নীতিতে আবেদন অসম্পূর্ণ থাকলে তা বাতিলের আগে আবেদনকারীর কাছে অতিরিক্ত তথ্য চেয়ে আরএফই পাঠাতে কর্মকর্তাদের উৎসাহিত করা হতো।

ইউএসসিআইএসের দাবি, আগের ব্যবস্থায় অসম্পূর্ণ বা গুরুতর ত্রুটিযুক্ত আবেদন নিষ্পত্তিতে অতিরিক্ত সময় লাগত। পাশাপাশি কিছু আবেদনকারী কর্মসংস্থানের অনুমতিসহ বিভিন্ন সুবিধা পাওয়ার উদ্দেশ্যে তথাকথিত ‘প্লেসহোল্ডার’ আবেদন জমা দেওয়ার সুযোগ পেতেন।

সংস্থাটি জানিয়েছে, সংশোধিত নীতির আওতায় প্রয়োজনীয় ক্ষেত্রে কর্মকর্তাদের আরএফই বা এনওআইডি ছাড়াই আবেদন বাতিলের ক্ষমতা পুনর্বহাল করা হয়েছে। এতে সংস্থার সম্পদের কার্যকর ব্যবহার নিশ্চিত হবে, সিদ্ধান্ত গ্রহণের গতি বাড়বে এবং ভিত্তিহীন আবেদন দাখিল নিরুৎসাহিত হবে।

নতুন নীতিমালা ৫ আগস্ট থেকেই কার্যকর হয়েছে। ওই দিন বা তার পর জমা দেওয়া এবং ওই সময় পর্যন্ত বিচারাধীন থাকা সব অভিবাসন-সুবিধার আবেদনের ক্ষেত্রে নতুন নিয়ম প্রযোজ্য হবে।