সুইডেনের ভিসা প্রত্যাখ্যান হলে যে নিয়মে আপিল করবেন

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ৩:২৬ অপরাহ্ণ, আগস্ট ৭, ২০২৬

সুইডেনে বসবাসের অনুমতির (Residence Permit) আবেদন প্রত্যাখ্যান হলে কীভাবে আপিল করতে হবে, সে বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে ঢাকায় সুইডেন দূতাবাস।

দূতাবাস জানিয়েছে, আবেদন প্রত্যাখ্যানের পর আপিল করার সুযোগ রয়েছে। তবে আপিল অবশ্যই সিদ্ধান্তপত্রে দেওয়া নির্দেশনা অনুযায়ী করতে হবে। এ ক্ষেত্রে আবেদনকারীকে সরাসরি সুইডিশ মাইগ্রেশন এজেন্সির কাছে আপিল জমা দিতে হবে।

দূতাবাস স্পষ্ট করেছে, তারা কোনো আপিল গ্রহণ করতে পারে না এবং আপিলের সিদ্ধান্ত বা প্রক্রিয়ায় তাদের কোনো প্রভাব নেই।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনেক আবেদনকারী ভুল করে দূতাবাসে যোগাযোগ করেন কিংবা সেখানে আপিল জমা দেওয়ার চেষ্টা করেন। কিন্তু আপিল গ্রহণ বা প্রক্রিয়া করার এখতিয়ার দূতাবাসের নেই। দূতাবাসের দায়িত্ব হলো প্রয়োজনীয় তথ্য প্রদান করা।

আবেদনকারী আপিল প্রক্রিয়া নিয়ে কোনো সমস্যায় পড়লে বা এ বিষয়ে প্রশ্ন থাকলে সরাসরি সুইডিশ মাইগ্রেশন এজেন্সির সঙ্গে যোগাযোগ করতে হবে। এ বিষয়ে দূতাবাস কোনো সহায়তা করতে পারবে না বলেও জানানো হয়েছে।

দূতাবাস আবেদনকারীদের সিদ্ধান্তপত্র মনোযোগ দিয়ে পড়ার পর সেখানে উল্লেখিত নির্দেশনা অনুসরণ করে নির্ধারিত প্রক্রিয়ায় আপিল করার পরামর্শ দিয়েছে।

মূলত আবেদনকারীরা যেন ভুল জায়গায় আপিল জমা না দেন, সে বিষয়ে সচেতন করতেই এই নির্দেশনা দেওয়া হয়েছে। দূতাবাস আবারও জানিয়েছে, আপিল গ্রহণ বা এ বিষয়ে কোনো ধরনের প্রভাব বিস্তারের ক্ষমতা তাদের নেই।