আবেদন ৬ সেপ্টেম্বর পর্যন্ত
সুইজারল্যান্ডে জাতিসংঘের পূর্ণ অর্থায়নের ফেলোশিপ
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ৭:১৫ অপরাহ্ণ, আগস্ট ৭, ২০২৬
আদিবাসী জনগোষ্ঠীর মানবাধিকার ও জাতিসংঘের বিভিন্ন মানবাধিকার ব্যবস্থাপনা সম্পর্কে প্রশিক্ষণ দিতে সুইজারল্যান্ডের জেনেভায় ২০২৭ সালের ওএইচসিএইচআর (OHCHR) ইন্ডিজেনাস ফেলোশিপ প্রোগ্রাম-এর জন্য আবেদন আহ্বান করেছে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের কার্যালয় (Office of the United Nations High Commissioner for Human Rights-ওএইচসিএইচআর)।
সম্পূর্ণ অর্থায়নে পরিচালিত এই ফেলোশিপে নির্বাচিতরা জেনেভায় চার সপ্তাহের প্রশিক্ষণে অংশ নেওয়ার সুযোগ পাবেন। প্রশিক্ষণের পাশাপাশি তারা আদিবাসী জনগণের অধিকারবিষয়ক বিশেষজ্ঞ ব্যবস্থার (Expert Mechanism on the Rights of Indigenous Peoples-ইএমআরআইপি) বার্ষিক অধিবেশনেও অংশ নিতে পারবেন, যা সাধারণত জুন বা জুলাই মাসে অনুষ্ঠিত হয়।
১৯৯৭ সালে বিশ্বের আদিবাসী জনগণের প্রথম আন্তর্জাতিক দশক উপলক্ষে এই ফেলোশিপ চালু করে ওএইচসিএইচআর। এর লক্ষ্য হলো আদিবাসী জনগোষ্ঠীর প্রতিনিধিদের জাতিসংঘের মানবাধিকার কাঠামো, প্রক্রিয়া ও আদিবাসী জনগণের অধিকার সংক্রান্ত আন্তর্জাতিক ব্যবস্থাগুলো সম্পর্কে দক্ষ করে তোলা। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা নিজ নিজ সংগঠন ও সম্প্রদায়ের মধ্যে মানবাধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং অধিকার সুরক্ষায় কাজ করবেন বলে আশা করা হয়।
যেসব সুবিধা মিলবে
নির্বাচিত ফেলোদের জন্য থাকছে—
- জেনেভা যাওয়া-আসার বিমান ভাড়া
- চার সপ্তাহের প্রশিক্ষণকালীন জীবনযাপনের ব্যয়
- পুরো প্রশিক্ষণকালজুড়ে মৌলিক স্বাস্থ্যবিমা
- ইংরেজি, ফরাসি, স্প্যানিশ বা পর্তুগিজ—এই চার ভাষার যেকোনো একটিতে প্রশিক্ষণের সুযোগ
আবেদনের যোগ্যতা
আবেদনকারীকে অবশ্যই আদিবাসী জনগোষ্ঠীর সদস্য হতে হবে। বয়স বা শিক্ষাগত যোগ্যতার কোনো নির্দিষ্ট সীমা নেই। তবে আবেদনকারীকে ইংরেজি, ফরাসি, স্প্যানিশ অথবা পর্তুগিজ ভাষার যেকোনো একটিতে ভালো কর্মজ্ঞান থাকতে হবে। পাশাপাশি ফেলোশিপ শেষে নিজ সম্প্রদায়ের অন্য আদিবাসীদের প্রশিক্ষণ ও সচেতন করতে আগ্রহী হতে হবে।
যেভাবে নির্বাচন
লিঙ্গ, অঞ্চল এবং বিভিন্ন আদিবাসী সম্প্রদায়ের ভারসাম্য বিবেচনায় ফেলো নির্বাচন করা হবে। সংশ্লিষ্ট অঞ্চল ও দেশের মানবাধিকার পরিস্থিতিও মূল্যায়নের অংশ হবে। প্রাথমিকভাবে আগের ফেলোরা ভাষাভিত্তিকভাবে ১৫ থেকে ২০ জন প্রার্থীকে বাছাই করবেন। পরে সাক্ষাৎকারের মাধ্যমে চূড়ান্ত নির্বাচন করবে ওএইচসিএইচআরের উপদেষ্টা দল।
আবেদন পদ্ধতি
আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে। নির্ধারিত আবেদনপত্র ডাউনলোড করে প্রয়োজনীয় তথ্য পূরণ করে সময়সীমার মধ্যে জমা দিতে হবে।
আবেদনের শেষ সময়: ৬ সেপ্টেম্বর ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট (জেনেভা সময়)।



