যুক্তরাজ্যে পূর্ণ অর্থায়নের চিভনিং স্কলারশিপ, আবেদন চলছে

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ৭:২৪ অপরাহ্ণ, আগস্ট ৭, ২০২৬

যুক্তরাজ্যে উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য আবেদন শুরু হয়েছে চিভনিং স্কলারশিপ ২০২৭-এর। যুক্তরাজ্য সরকারের অর্থায়নে পরিচালিত এই মর্যাদাপূর্ণ বৃত্তির আওতায় নির্বাচিতরা দেশটির যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে এক বছরের পূর্ণকালীন মাস্টার্স ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন।

চিভনিং অ্যাওয়ার্ডস পরিচালনা করে যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (FCDO) এবং এর অংশীদার প্রতিষ্ঠানগুলো। ১৯৮৩ সাল থেকে এই কর্মসূচির মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের সম্ভাবনাময় ভবিষ্যৎ নেতা, নীতিনির্ধারক, গবেষক ও পেশাজীবীদের যুক্তরাজ্যে উচ্চশিক্ষার সুযোগ দেওয়া হচ্ছে।

যেসব সুবিধা মিলবে

চিভনিং স্কলারশিপের আওতায় নির্বাচিতরা পাবেন—

  • সম্পূর্ণ টিউশন ফি
  • মাসিক জীবনযাপনের ভাতা
  • যাওয়া-আসার ইকোনমি শ্রেণির বিমান টিকিট
  • যুক্তরাজ্যের ভিসা ফি
  • প্রয়োজনীয় অতিরিক্ত ভাতা
  • নির্ধারিত শর্তে টিবি (টিউবারকুলোসিস) পরীক্ষার খরচ
  • যুক্তরাজ্যে পৌঁছানোর পর বিভিন্ন সহায়তা ও ভাতা

আবেদনের যোগ্যতা

আবেদনকারীকে চিভনিং-যোগ্য কোনো দেশের নাগরিক হতে হবে এবং স্কলারশিপ শেষ হওয়ার পর অন্তত দুই বছর নিজ দেশে ফিরে কাজ করার অঙ্গীকার থাকতে হবে।

এ ছাড়া আবেদনকারীর যুক্তরাজ্যের আপার সেকেন্ড ক্লাস (২:১ অনার্স)-এর সমমানের স্নাতক ডিগ্রি থাকতে হবে। কমপক্ষে দুই বছরের বা প্রায় ২ হাজার ৮০০ ঘণ্টার কর্ম-অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি যুক্তরাজ্যের তিনটি ভিন্ন বিশ্ববিদ্যালয়ের এক বছরের পূর্ণকালীন মাস্টার্স কোর্সে আবেদন করতে হবে এবং অন্তত একটি কোর্স থেকে আনকন্ডিশনাল অফার (Unconditional Offer) অর্জন করতে হবে।

আবেদন পদ্ধতি

আগ্রহীদের অনলাইন অ্যাপ্লিকেশন সিস্টেম (OAS)-এর মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনপত্র অবশ্যই ইংরেজিতে পূরণ করতে হবে।

আবেদনের অংশ হিসেবে চারটি প্রবন্ধ (Essay) লিখতে হবে। প্রতিটি প্রবন্ধের শব্দসংখ্যা সর্বনিম্ন ১০০ এবং সর্বোচ্চ ৫০০ হতে হবে। পাশাপাশি দুটি সুপারিশপত্র (Reference Letter) জমা দিতে হবে।

আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র JPG, PNG অথবা PDF ফরম্যাটে আপলোড করতে হবে। প্রতিটি ফাইলের আকার ৫ মেগাবাইটের বেশি হওয়া যাবে না।

আবেদনকারীদের জন্য পরামর্শ

চিভনিং কর্তৃপক্ষ জানিয়েছে, আবেদনপত্রে সঠিক তথ্য প্রদান, কর্ম-অভিজ্ঞতার সময় ও ঘণ্টা নির্ভুলভাবে উল্লেখ, মৌলিক ও মানসম্মত প্রবন্ধ লেখা এবং লক্ষ্যভিত্তিক বিশ্ববিদ্যালয় ও কোর্স নির্বাচন করলে আবেদন মূল্যায়নে ইতিবাচক প্রভাব পড়ে। অন্যের লেখা নকল করলে বা ভুল তথ্য দিলে আবেদন বাতিল হতে পারে।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়ায় প্রয়োজন হতে পারে বলে আগেভাগেই আইইএলটিএস বা অন্যান্য ইংরেজি ভাষা দক্ষতার পরীক্ষার প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

আবেদনের শেষ সময়: ৭ অক্টোবর (যুক্তরাজ্যের নির্ধারিত সময় অনুযায়ী)।

চিভনিং বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক বৃত্তি কর্মসূচি হিসেবে পরিচিত। প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশের মেধাবী ও নেতৃত্বের সম্ভাবনাসম্পন্ন শিক্ষার্থী এবং পেশাজীবীরা এই বৃত্তির মাধ্যমে যুক্তরাজ্যের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চশিক্ষার সুযোগ পান।

আবেদনের লিংক….