জার্মানিতে পড়াশোনা-গবেষণার অভিজ্ঞতা থাকলেই আবেদন
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ৭:১৮ অপরাহ্ণ, আগস্ট ৮, ২০২৬
জার্মানিতে উচ্চশিক্ষা, গবেষণা ও একাডেমিক কার্যক্রমে অংশ নেওয়া বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ‘ডাড (DAAD) ইয়াং অ্যাম্বাসেডর প্রোগ্রাম ২০২৭’-এ আবেদনের সুযোগ এসেছে। এ কর্মসূচির মাধ্যমে নির্বাচিতরা জার্মানির উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ সম্পর্কে আগ্রহী শিক্ষার্থীদের তথ্য ও দিকনির্দেশনা দেওয়ার পাশাপাশি বিভিন্ন শিক্ষাবিষয়ক অনুষ্ঠানে ডাডের প্রতিনিধিত্ব করবেন।
আবেদনের শেষ সময় ৩০ সেপ্টেম্বর ২০২৬।
জার্মানিতে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ সম্পর্কে আগ্রহীদের তথ্য দিতে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের নিয়ে একটি নেটওয়ার্ক গড়ে তুলতে এ কর্মসূচি চালু করেছে ডাড। নির্বাচিত ইয়াং অ্যাম্বাসেডররা জার্মানির বিশ্ববিদ্যালয়, বৃত্তি, গবেষণা কার্যক্রম এবং অর্থায়নের সুযোগ সম্পর্কে আগ্রহী শিক্ষার্থীদের জানাবেন।
কর্মসূচিটির মেয়াদ হবে দুই সেমিস্টার। শুরুতে নির্বাচিত অংশগ্রহণকারীদের জন্য একটি বাধ্যতামূলক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হবে। আগামী নভেম্বরে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
যা করতে হবে
প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারীদের জার্মানির উচ্চশিক্ষাব্যবস্থা, গবেষণা কার্যক্রম, ডাডের বৃত্তি এবং আর্থিক সহায়তার বিভিন্ন সুযোগ সম্পর্কে ধারণা দেওয়া হবে।
প্রশিক্ষণ শেষে ইয়াং অ্যাম্বাসেডররা বিভিন্ন শিক্ষা ও উচ্চশিক্ষাবিষয়ক অনুষ্ঠানে ডাডের প্রতিনিধিত্ব করবেন। পাশাপাশি জার্মানিতে পড়াশোনায় আগ্রহী শিক্ষার্থীদের সঙ্গে কথা বলবেন এবং নিজেদের একাডেমিক অভিজ্ঞতা ভাগ করে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবেন।
কারা আবেদন করতে পারবেন
আবেদনের জন্য কয়েকটি শর্ত পূরণ করতে হবে। এগুলো হলো—
- বাংলাদেশ, ভারত, ভুটান, নেপাল অথবা শ্রীলঙ্কার নাগরিক হতে হবে।
- জার্মানিতে পড়াশোনা, গবেষণা অথবা কোনো একাডেমিক প্রোগ্রামে অংশ নেওয়ার অভিজ্ঞতা থাকতে হবে।
- ২০২৭ সালের ১ জানুয়ারি বয়স ৩২ বছরের কম হতে হবে।
- ২০২৬ সালের নভেম্বরে অনুষ্ঠিতব্য ইয়াং অ্যাম্বাসেডর প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে।
- বর্তমানে জার্মানিতে পড়াশোনা করছেন—এমন শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন।
অনলাইনে এ কর্মসূচিতে আবেদন করা যাবে। আবেদনপদ্ধতি ও বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ওয়েবসাইটে পাওয়া যাবে।
আবেদনের শেষ তারিখ: ৩০ সেপ্টেম্বর ২০২৬।



