উচ্চশিক্ষা শেষে তরুণদের দেশে ফেরাতে কাজ করছে সরকার

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭:২১ অপরাহ্ণ, আগস্ট ৮, ২০২৬

বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ শেষে তরুণরা যেন দেশে ফিরে উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করতে পারেন এবং রাষ্ট্র গঠনে সরাসরি ভূমিকা রাখতে পারেন, সে লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

শুক্রবার (৭ আগস্ট) রাজধানীতে ফরেন অ্যাডমিশন অ্যান্ড ক্যারিয়ার কনসালট্যান্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ফ্যাড-ক্যাব) আয়োজিত ১৪তম আন্তর্জাতিক শিক্ষা এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বিদেশে পড়াশোনা করা তরুণদের অর্জিত জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা দেশের অর্থনীতি, বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টিতে কাজে লাগাতে চায় সরকার। এজন্য বিদেশে উচ্চশিক্ষা শেষে তাদের দেশে ফেরার উপযোগী পরিবেশ তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি বলেন, বর্তমানে সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে এমন অনেকেই কাজ করছেন, যারা বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ করেছেন এবং নিজ নিজ ক্ষেত্রে বিশেষজ্ঞ হিসেবে দেশের উন্নয়নে অবদান রাখছেন। তাই তরুণদের বিদেশে পড়াশোনার সুযোগ দেওয়ার পাশাপাশি অর্জিত জ্ঞান ও দক্ষতা দেশের উন্নয়নে কাজে লাগানোর ওপর গুরুত্ব দিচ্ছে সরকার।

শামা ওবায়েদ বলেন, বাংলাদেশে নিরাপদ, বিনিয়োগবান্ধব ও কর্মসংস্থানমুখী পরিবেশ গড়ে তোলা হচ্ছে। এর ফলে বিদেশে পড়াশোনা শেষে তরুণরা দেশে ফিরে উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশের সুযোগ পাবেন।

তিনি আরও বলেন, শিক্ষা এখন শুধু ব্যক্তিগত উন্নয়নের বিষয় নয়; এটি কূটনীতিরও গুরুত্বপূর্ণ একটি উপকরণ। পররাষ্ট্র মন্ত্রণালয় বিভিন্ন দেশের সঙ্গে শিক্ষা ও গবেষণাভিত্তিক অংশীদারত্ব জোরদারে কাজ করছে। একই সঙ্গে দেশীয় শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়গুলোর একাডেমিক সহযোগিতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

বিদেশে উচ্চশিক্ষা-সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও সংগঠনগুলোর সঙ্গে সমন্বয় বাড়ানোর কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের স্বার্থে চলমান কার্যক্রম আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও কার্যকর করতে সরকার সহযোগিতা করবে।

তিনি মনে করেন, তরুণদের বিদেশে পড়াশোনা শেষে দেশে ফেরাতে পারলে তারা উদ্যোক্তা হয়ে রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন। এতে দেশের অর্থনীতি শক্তিশালী হওয়ার পাশাপাশি বিনিয়োগ ও কর্মসংস্থানও বাড়বে।