চাকরি হারালে কমবে থাকার সুযোগ

মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, আসছে নতুন নিয়ম

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ৪:০৫ অপরাহ্ণ, আগস্ট ৯, ২০২৬

আমেরিকার ভিসা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রস্তাবিত পরিবর্তন কার্যকর হলে চাকরি হারানো বিদেশি কর্মীদের জন্য আমেরিকায় থেকে নতুন চাকরি খোঁজার বর্তমান ৬০ দিনের সুযোগ বাতিল হতে পারে। এতে চাকরি হারানোর পর সংশ্লিষ্ট কর্মী ও তাঁদের নির্ভরশীলদের দ্রুত আমেরিকা ছাড়তে হতে পারে।

আমেরিকার প্রশাসনের পক্ষ থেকে এখনো এ বিষয়ে চূড়ান্ত কোনো নিয়ম জারি করা হয়নি। তবে হোয়াইট হাউসের অফিস অব ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেট (ওএমবি) চাকরি হারানো নির্দিষ্ট শ্রেণির বিদেশি কর্মী ও তাঁদের নির্ভরশীলদের সর্বোচ্চ ৬০ দিন আমেরিকায় থাকার সুযোগ বাতিলের বিষয়টি বিবেচনা করছে।

বর্তমান নিয়ম অনুযায়ী, নির্দিষ্ট কিছু কর্মভিসাধারী চাকরি হারালে সর্বোচ্চ ৬০ দিন পর্যন্ত আমেরিকায় থেকে নতুন চাকরি খোঁজা বা বৈধ অভিবাসন অবস্থানের বিকল্প ব্যবস্থা নেওয়ার সুযোগ পান। প্রস্তাবিত পরিবর্তন কার্যকর হলে এই বাড়তি সময় আর নাও থাকতে পারে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, পরিবর্তনটি কার্যকর হলে আমেরিকায় বসবাসরত ভারতীয় দক্ষ কর্মীদের ওপর এর বড় প্রভাব পড়তে পারে। কারণ, এইচ-১বি কর্মসূচির সবচেয়ে বেশি সুবিধাভোগীদের একটি বড় অংশ ভারতীয়।

আমেরিকার সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেসের (ইউএসসিআইএস) তথ্য অনুযায়ী, ২০২৪ অর্থবছরে অনুমোদিত এইচ-১বি আবেদনের ৭১ শতাংশ সুবিধাভোগী ছিলেন ভারতে জন্মগ্রহণকারী ব্যক্তি।

৬০ দিনের নিয়ম কী

চাকরি হারানো উচ্চদক্ষ বিদেশি কর্মীদের কিছুটা সময় দেওয়ার উদ্দেশ্যে ২০১৭ সালে ৬০ দিনের নিয়ম চালু করা হয়। এর আওতায় নির্দিষ্ট কিছু কর্মভিসাধারী চাকরি হারানোর পর সর্বোচ্চ ৬০ দিন আমেরিকায় থাকতে পারেন।

এই সময়ের মধ্যে তাঁরা নতুন নিয়োগকর্তা খুঁজতে, নতুন ভিসার জন্য আবেদন করতে কিংবা বৈধভাবে আমেরিকায় থাকার অন্য কোনো পথ অনুসন্ধান করতে পারেন। তবে তাঁদের অনুমোদিত অবস্থানের মেয়াদ যদি ৬০ দিনের আগেই শেষ হয়ে যায়, সে ক্ষেত্রে ওই মেয়াদ শেষ হওয়ার পর আর আমেরিকায় থাকা যায় না।

বর্তমানে ই-১, ই-২, ই-৩, এইচ-১বি, এইচ-১বি১, এল-১, ও-১ ও টিএনসহ বিভিন্ন শ্রেণির কর্মভিসার ক্ষেত্রে এই সুবিধা প্রযোজ্য। সংশ্লিষ্ট কর্মীদের নির্ভরশীলরাও এর আওতায় রয়েছেন।

প্রস্তাব কার্যকর হলে কী হতে পারে

প্রস্তাবিত পরিবর্তন কার্যকর হলে চাকরি হারানোর পর বিদেশি কর্মীদের হাতে নতুন চাকরি খোঁজার জন্য নির্ধারিত ৬০ দিনের সময় আর নাও থাকতে পারে। ফলে চাকরি হারানোর পর তাঁদের দ্রুত নতুন বৈধ অভিবাসন ব্যবস্থা নিতে হবে অথবা আমেরিকা ছাড়তে হতে পারে।

এতে আমেরিকার ভেতর থেকেই নতুন নিয়োগকর্তার কাছে যাওয়ার কিংবা অভিবাসন-সংক্রান্ত অবস্থান পরিবর্তনের সুযোগও সীমিত হতে পারে। তবে বিশেষ পরিস্থিতিতে ইউএসসিআইএস নিজস্ব ক্ষমতা প্রয়োগ করে কোনো কোনো ক্ষেত্রে ব্যবস্থা নেওয়ার সুযোগ রাখতে পারে।

প্রস্তাবিত পরিবর্তনের প্রভাব শুধু এইচ-১বি ভিসাধারীদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। ই-১, ই-২, ই-৩, এইচ-১বি১, এল-১, ও-১ এবং টিএনসহ অন্যান্য কর্মভিসাধারীরাও এর আওতায় পড়তে পারেন।

তবে নতুন নিয়মের চূড়ান্ত কাঠামো, কার্যকরের সময় এবং কোন কোন ক্ষেত্রে ছাড় দেওয়া হবে—এসব বিষয়ে এখনো বিস্তারিত ঘোষণা আসেনি।