রাজশাহীতে মুগ্ধ ফরাসি রাষ্ট্রদূত, বাংলাদেশিদের প্যারিসে আমন্ত্রণ

সানজিদা হক প্রমা

সানজিদা হক প্রমা

প্রকাশিত: ৩:৪২ অপরাহ্ণ, আগস্ট ১০, ২০২৬

রাজশাহী এসে বাংলায় বললেন, ‘খুব ভালো লাগছে’। আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে দাঁড়িয়ে বাংলাদেশিদের প্যারিস আবিষ্কারের আমন্ত্রণ জানালেন বাংলাদেশে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শারলে। তার বক্তব্যে উঠে এসেছে বাংলাদেশ ও ফ্রান্সের মানুষের মধ্যে যোগাযোগ, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পর্ক আরও বাড়ানোর বার্তা।

রাজশাহী সফর নিয়ে ফ্রান্স দূতাবাসের ঢাকার ফেসবুক পেজে ২৭ ও ২৯ জুলাই দুটি ভিডিও ব্লগ প্রকাশ করা হয়।

২৭ জুলাইয়ের ভিডিওতে রাজশাহী পৌঁছানোর পর নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেন ফরাসি রাষ্ট্রদূত। তিনি বলেন, এখানে আসার পর থেকেই স্থানীয় মানুষের উষ্ণতা ও আন্তরিক আতিথেয়তা তাকে মুগ্ধ করেছে।

সফরের অংশ হিসেবে রাজশাহীর একটি ঐতিহ্যবাহী মিষ্টির দোকানেও যান তিনি। ১৯৩৫ সালে প্রতিষ্ঠিত, প্রায় একশ বছরের পুরোনো এই মিষ্টির দোকান পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের সমৃদ্ধ খাদ্য ঐতিহ্য তাকে বিশেষভাবে আকৃষ্ট করেছে।

তার মতে, বাংলাদেশ ও ফ্রান্স-দুই দেশই নিজেদের রন্ধন ঐতিহ্য ও গ্যাস্ট্রোনমি নিয়ে গর্বিত। খাবার ও সংস্কৃতি মানুষের সঙ্গে মানুষের এবং এক দেশের সঙ্গে অন্য দেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার একটি চমৎকার মাধ্যম বলেও উল্লেখ করেন তিনি।

রাজশাহীতে অবস্থানকালে স্থানীয় মানুষের সঙ্গে দেখা করা, শহরের সাংস্কৃতিক ও ঐতিহাসিক ঐতিহ্য ঘুরে দেখা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগের আগ্রহের কথাও জানান ফরাসি রাষ্ট্রদূত।

ভিডিওটির শেষ দিকে বাংলায় নিজের অনুভূতি প্রকাশ করে তিনি বলেন, ‘রাজশাহী এসে খুব ভালো লাগছে।’

এর দুই দিন পর, ২৯ জুলাই, ফরাসি দূতাবাসের ফেসবুক পেজে প্রকাশিত হয় আরেকটি ভিডিও। সেখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত প্যারিস রোডে দাঁড়িয়ে বক্তব্য দেন ফরাসি রাষ্ট্রদূত।

বিশ্ববিদ্যালয়ের ভেতরে একটি সড়কের নাম প্যারিস রোড- এটি জানতে পেরে আনন্দ ও বিস্ময় প্রকাশ করেন তিনি। গাছপালায় ঘেরা সড়টির সৌন্দর্যেরও প্রশংসা করেন রাষ্ট্রদূত।

প্যারিস রোডে দাঁড়িয়ে তিনি বলেন, জায়গাটি অসাধারণ। এরপরই রাজশাহী ও প্যারিসের সম্পর্ক নিয়ে নিজের প্রত্যাশার কথা জানান তিনি।

রাষ্ট্রদূত বলেন, তিনি খুবই আনন্দিত হবেন যদি রাজশাহীর অনেক শিক্ষার্থী প্যারিস আবিষ্কার করতে পারে। একই সঙ্গে রাজশাহী ও প্যারিসের মধ্যে সম্পর্ক আরও উন্নত করার আগ্রহের কথাও জানান তিনি।

তার এই বক্তব্য শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নয়; বরং বাংলাদেশ ও ফ্রান্সের মানুষের মধ্যে যোগাযোগ আরও বাড়ানোর একটি বৃহত্তর বার্তা হিসেবেও দেখা হচ্ছে।

রাজশাহীতে এসে স্থানীয় খাবার, মানুষের আতিথেয়তা ও সংস্কৃতিতে মুগ্ধ হওয়া থেকে শুরু করে প্যারিস রোডে দাঁড়িয়ে বাংলাদেশিদের ফ্রান্সের রাজধানী দেখার প্রত্যাশা-ফরাসি রাষ্ট্রদূতের দুই দিনের ভিডিও বার্তায় ফুটে উঠেছে দুই দেশের শিক্ষা, সংস্কৃতি ও মানুষের মধ্যে সম্পর্ক আরও গভীর করার আগ্রহ।

আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘প্যারিস রোড’ যেন হয়ে উঠেছে সেই সম্পর্কের প্রতীক- যেখান থেকে ফরাসি রাষ্ট্রদূত রাজশিয়ার শিক্ষার্থীদের প্যারিস আবিষ্কারের স্বপ্ন দেখিয়েছেন।