ভিসার নামে প্রতারণা, বাংলাদেশিদের সতর্ক করল অস্ট্রেলিয়া
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ১২:৫৯ অপরাহ্ণ, আগস্ট ১১, ২০২৬
অস্ট্রেলিয়ায় বসবাস ও কাজের সুযোগ দেওয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে ভুয়া অভিবাসন এজেন্টরা। এ বিষয়ে ঢাকায় অবস্থিত অস্ট্রেলিয়া হাইকমিশন বিশেষ সতর্কবার্তা দিয়েছে।
৮ আগস্ট হাইকমিশনের যাচাইকৃত ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় বলা হয়, ভিসাসংক্রান্ত সঠিক পরামর্শ পাওয়ার নির্ভরযোগ্য উপায় হলো অস্ট্রেলিয়ায় নিবন্ধিত কোনো অভিবাসন এজেন্ট অথবা অস্ট্রেলীয় আইনজীবীর সেবা নেওয়া।
হাইকমিশন জানিয়েছে, নিবন্ধিত অভিবাসন এজেন্টদের নির্দিষ্ট আচরণবিধি মেনে চলতে হয়। এর মধ্যে রয়েছে ন্যায্য ও যুক্তিসংগত ফি নেওয়া, কী সেবা দেওয়া হবে এবং এর জন্য কত খরচ হবে তা লিখিতভাবে জানানো এবং ভিসা আবেদনের ফলাফল সম্পর্কে যত দ্রুত সম্ভব আবেদনকারীকে অবহিত করা।
অস্ট্রেলিয়ার নিবন্ধিত অভিবাসন এজেন্টদের কার্যক্রম সম্পর্কে জানতে হাইকমিশন অফিস অব মাইগ্রেশন এজেন্টস রেজিস্ট্রেশন অথরিটি (ওএমএআরএ)-এর ওয়েবসাইটে যাওয়ার পরামর্শ দিয়েছে। সেখানে স্বয়ংক্রিয় সেবা ব্যবস্থার মাধ্যমে নিবন্ধিত এজেন্ট খুঁজে পাওয়া যাবে। এ ছাড়া অস্ট্রেলীয় আইনজীবীর সেবা নেওয়ার নিয়ম জানতে দেশটির স্বরাষ্ট্র বিভাগের ওয়েবসাইটে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
হাইকমিশন আরও জানিয়েছে, নিবন্ধিত এজেন্টদের নির্ধারিত জ্ঞান ও পেশাগত মানদণ্ড মেনে চলতে হয়। তারা প্রতারণা বা ভুয়া প্রতিশ্রুতি দিয়ে অর্থ হাতিয়ে নেন না। তাই ভিসাসংক্রান্ত যেকোনো পরামর্শ বা সেবা নেওয়ার ক্ষেত্রে নিবন্ধিত এজেন্ট বা আইনজীবীর ওপর আস্থা রাখার আহ্বান জানানো হয়েছে।
বাংলাদেশি নাগরিকদের সতর্ক করে হাইকমিশন বলেছে, ভুয়া এজেন্টদের প্রলোভনে পড়ে অর্থ হারালে ভিসা প্রক্রিয়া ব্যাহত হওয়ার পাশাপাশি আইনি জটিলতায় পড়তে হতে পারে। তাই ভিসার আবেদন করার আগে অবশ্যই সংশ্লিষ্ট এজেন্টের নিবন্ধন যাচাই করতে হবে।
অস্ট্রেলিয়ায় যেতে ইচ্ছুকদের জন্য হাইকমিশনের এই সতর্কবার্তা ভুয়া অভিবাসন এজেন্টদের বিষয়ে সচেতন থাকার গুরুত্ব আরও স্পষ্ট করেছে। প্রতারণা থেকে বাঁচতে ভিসাসংক্রান্ত পরামর্শ ও সেবা নেওয়ার আগে সংশ্লিষ্ট এজেন্টের নিবন্ধন যাচাই করা এবং প্রয়োজনে নিবন্ধিত আইনজীবীর সহায়তা নেওয়া জরুরি।



