কোরিয়াজুড়ে মানব পাচার ও পতিতাবৃত্তি দমনে অভিযান

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ১:০১ অপরাহ্ণ, আগস্ট ১১, ২০২৬

দক্ষিণ কোরিয়ায় পতিতাবৃত্তি দমনে পরিচালিত বিশেষ অভিযানে দুই মাসে মোট ১ হাজার ৬৬৬ জনকে গ্রেপ্তার করেছে দেশটির জাতীয় পুলিশ সংস্থা। জুন ও জুলাইয়ে চলা এ অভিযানে ৭৬১টি মামলা শনাক্ত করা হয়। এ সময় প্রায় ১৯ দশমিক ৫ বিলিয়ন উন বা ১ কোটি ৩৭ লাখ মার্কিন ডলার সমপরিমাণ সন্দেহজনক অপরাধলব্ধ অর্থ জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, অভিযানে অনলাইন ও সরাসরি—দুই মাধ্যমেই পতিতাবৃত্তি পরিচালনার ঘটনা ধরা পড়েছে। অনলাইনে ৫৬৯টি মামলা ও ১ হাজার ২৩৬ জনকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে ১৭৬টি মামলা ওয়েবসাইটের মাধ্যমে, ৩৬৮টি বার্তা আদান-প্রদানের অ্যাপ ব্যবহার করে এবং ২৫টি সামাজিক যোগাযোগমাধ্যমসহ অন্যান্য মাধ্যমে পরিচালিত হয়েছে।

অফলাইনে ১৯২টি মামলা ও ৪৩০ জনকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে ১৫২টি মামলা ছিল ম্যাসাজ পার্লারকেন্দ্রিক। এসব ঘটনায় ৩৩১ জনকে আটক করা হয়। এ ছাড়া নাইটলাইফ প্রতিষ্ঠান ও নির্দিষ্ট যৌনপল্লিকেন্দ্রিক এলাকাতেও কয়েকটি মামলা শনাক্ত হয়েছে।

পুলিশ জানিয়েছে, অভিযানে মূলত সংগঠিত ও বাণিজ্যিকভাবে পরিচালিত পতিতাবৃত্তির চক্রকে লক্ষ্য করা হয়েছে। গত বছরের তুলনায় এ ধরনের মামলার সংখ্যা পাঁচ গুণ বেড়ে ৫০টিতে দাঁড়িয়েছে। একই সময়ে অপরাধলব্ধ অর্থ জব্দের পরিমাণও ৩০৬ শতাংশ বেড়ে ১৯ দশমিক ৫ বিলিয়ন উনে দাঁড়িয়েছে।

অভিযানে সিউলের গ্যাংনাম এলাকায় প্রায় ২ হাজার ৬৪৫ বর্গমিটার আয়তনের একটি বড় নাইটলাইফ প্রতিষ্ঠান শনাক্ত করা হয়। সেখানে ৬৫টি ব্যক্তিগত কক্ষ ছিল এবং টেলিগ্রামের মাধ্যমে গ্রাহক সংগ্রহ করা হতো। পুলিশ ১১ জনকে গ্রেপ্তার করে। এ সময় ৩২০ মিলিয়ন উন নগদ অর্থসহ ৩৮টি বৈদ্যুতিন যন্ত্র জব্দ করা হয়।

ইনচন মহানগর পুলিশ সাতটি ভাড়া করা অফিসে পতিতাবৃত্তি পরিচালনার অভিযোগে আটজনকে গ্রেপ্তার করেছে। তদন্তে দেখা যায়, তারা ৯ হাজার ২০১ বার পতিতাবৃত্তির আয়োজন করেছিল।

গিয়ংগি নামবু প্রাদেশিক পুলিশ ১৯ দশমিক ১ বিলিয়ন উন অর্থ পাচারের অভিযোগে দুজনকে আটক করেছে। তদন্তে জানা যায়, তারা পতিতাবৃত্তির ওয়েবসাইট থেকে পাওয়া অর্থ উপহার সনদে রূপান্তর করছিল।

ডেগু মহানগর পুলিশ তিনজন থাই নারীকে মানব পাচারের মাধ্যমে পতিতাবৃত্তিতে বাধ্য করার অভিযোগে ৬০ জনকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় প্রথমবারের মতো মানব পাচার প্রতিরোধ আইনের আওতায় ভুক্তভোগীদের সুরক্ষা দেওয়া হয়েছে।

এ ছাড়া ১৮ বছরের কম বয়সী ১০ কিশোরীর সাথে যৌন সম্পর্ক স্থাপনের অভিযোগে ১৭ জনকে আটক করা হয়েছে। ভুক্তভোগীদের লিঙ্গ সমতা মন্ত্রণালয় ও পরামর্শকেন্দ্রে পাঠানো হয়েছে।

জাতীয় পুলিশ সংস্থার অপরাধ প্রতিরোধ বিভাগের প্রধান লি সিউং-হিউপ বলেন, “আমরা তদন্তকারী দল বাড়িয়েছি এবং নতুন ইউনিট গঠন করেছি। এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।”