ট্রাম্প প্রশাসনের কড়াকড়ি

আমেরিকায় ১ লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ৮:০০ অপরাহ্ণ, আগস্ট ১১, ২০২৬

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসনবিরোধী কঠোর অভিযানের অংশ হিসেবে দেশটির পররাষ্ট্র দপ্তর এ পর্যন্ত ১ লাখ ৭৫ হাজারের বেশি বিদেশি নাগরিকের ভিসা বাতিল করেছে। একই সঙ্গে আরও হাজার হাজার মানুষের ভ্রমণ ও অভিবাসনের সুযোগ বাতিল করা হয়েছে।

সোমবার (১০ আগস্ট) আমেরিকার পররাষ্ট্র দপ্তরের প্রকাশিত এক তথ্যবিবরণীতে এসব তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়েছে, অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হওয়া, ভিসার শর্ত লঙ্ঘন, জালিয়াতি, সহিংসতায় উসকানি এবং জাতীয় নিরাপত্তার জন্য হুমকি—এসব কারণে বেশিরভাগ ভিসা বাতিল করা হয়েছে।

গত বছর দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফেরার পর আমেরিকায় অভিবাসনবিরোধী ব্যাপক অভিযান শুরু করেন ট্রাম্প। এর অংশ হিসেবে বৈধ ভিসাধারীসহ বিপুলসংখ্যক অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। ধারাবাহিক যাচাই-বাছাইয়ের মাধ্যমে ভিসা বাতিলের সংখ্যাও বেড়েছে।

আমেরিকার পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, নিয়মিত যাচাই-বাছাইয়ের মাধ্যমে নিশ্চিত করা হচ্ছে যে ভিসাধারীরা তাঁদের ভিসার শর্ত মেনে চলছেন এবং আমেরিকার নাগরিকদের জন্য কোনো ধরনের হুমকি তৈরি করছেন না।

হামলা, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো, চুরি ও মাদকসংক্রান্ত অপরাধ ভিসা বাতিলের অন্যতম প্রধান কারণ। দপ্তরের উল্লেখ করা কয়েকটি ঘটনায় ধর্ষণ ও যৌন নিপীড়ন, অপহরণ ও মানব পাচার এবং শিশুদের যৌন নিপীড়নের উপকরণ রাখার মতো গুরুতর অভিযোগও রয়েছে।

এ ছাড়া উত্তর আফ্রিকার একটি আমেরিকান দূতাবাস আমেরিকায় সন্তান জন্ম দেওয়ার উদ্দেশ্যে যাওয়া ১০০টির বেশি দম্পতির ভিসা বাতিল করেছে। অভিযোগ, এসব দম্পতি সন্তানের জন্মের মাধ্যমে আমেরিকান নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে আমেরিকায় যাওয়ার পরিকল্পনা করেছিলেন।

বিবৃতিতে আরও বলা হয়েছে, গত বছর রক্ষণশীল অধিকারকর্মী চার্লি কার্ক হত্যার ঘটনায় উচ্ছ্বাস প্রকাশ করা কিছু বিদেশি নাগরিকের ভিসাও বাতিল করা হয়েছে।

আমেরিকার পররাষ্ট্র দপ্তর বলেছে, দেশটির নিরাপত্তা বা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচিত বিদেশি নাগরিকদের শনাক্ত ও তাঁদের কর্মকাণ্ডের তদন্ত অব্যাহত রাখবে ট্রাম্প প্রশাসন।

দপ্তরের ভাষ্য, ‘আমেরিকার ভিসা একটি সুযোগ, অধিকার নয়।’ এই সুযোগের অপব্যবহারকারীদের ভিসা বাতিল করতে বিদ্যমান সব ধরনের ক্ষমতা ব্যবহার করা হবে।

এর আগে গত জানুয়ারিতে আমেরিকার পররাষ্ট্র দপ্তর জানিয়েছিল, তারা এক লাখের বেশি ভিসা বাতিল করেছে। সে সময় এটিকে রেকর্ডসংখ্যক ভিসা বাতিলের ঘটনা বলা হয়েছিল।

এদিকে ভিসা দেওয়ার ক্ষেত্রেও ট্রাম্প প্রশাসন কঠোর নীতি গ্রহণ করেছে। আবেদনকারীদের সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই আরও জোরদার করা হয়েছে এবং যাচাই-বাছাইয়ের পরিধিও বাড়ানো হয়েছে।

তবে অধিকারকর্মী ও মানবাধিকার বিশেষজ্ঞরা সামাজিক যোগাযোগমাধ্যম যাচাইয়ের এই উদ্যোগের সমালোচনা করেছেন। তাঁদের মতে, এ ধরনের পদক্ষেপ মতপ্রকাশের স্বাধীনতার জন্য হুমকি তৈরি করতে পারে এবং অভিবাসীদের ওপর অতিরিক্ত নজরদারির সুযোগ তৈরি করছে।

সূত্র: আল জাজিরা