নারী স্বাস্থ্য পেশাজীবীদের জন্য ১২ মাসের নেতৃত্ব উন্নয়ন কর্মসূচি

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ৫:৩৮ অপরাহ্ণ, আগস্ট ১৪, ২০২৬

দক্ষিণ আফ্রিকা অঞ্চলের স্বাস্থ্য খাত ও সংশ্লিষ্ট ক্ষেত্রে কর্মরত মধ্যপর্যায়ের নারী পেশাজীবীদের জন্য ১২ মাসের সম্পূর্ণ অর্থায়িত নেতৃত্ব উন্নয়ন কর্মসূচি চালু করা হয়েছে। উইমেনলিফট হেলথ ২০২৭ সাউদার্ন আফ্রিকা লিডারশিপ জার্নি নামের এ কর্মসূচির মাধ্যমে স্বাস্থ্য খাতে নারীদের নেতৃত্বের দক্ষতা, প্রভাব ও কার্যকর ভূমিকা আরও শক্তিশালী করার সুযোগ দেওয়া হবে।

কর্মসূচিতে নির্বাচিত অংশগ্রহণকারীরা নেতৃত্ব উন্নয়ন, ব্যবহারিক বিভিন্ন কৌশল, অভিজ্ঞ স্বাস্থ্য নেতাদের পরামর্শ এবং ব্যক্তিগত পর্যায়ে নেতৃত্ববিষয়ক কোচিংয়ের সুযোগ পাবেন। পাশাপাশি স্বাস্থ্য খাতের কোনো বাস্তব সমস্যা নিয়ে নিজস্ব নেতৃত্ব প্রকল্প তৈরিতেও সহায়তা দেওয়া হবে।

যেসব সুবিধা থাকছে

এ কর্মসূচির আওতায় অংশগ্রহণকারীদের নেতৃত্বের দক্ষতা উন্নয়নের জন্য প্রশিক্ষণ ও ব্যবহারিক বিভিন্ন উপকরণ দেওয়া হবে। অভিজ্ঞ স্বাস্থ্য খাতের নেতাদের কাছ থেকে পরামর্শ নেওয়ার পাশাপাশি ব্যক্তিগতভাবে একজন নির্বাহী পর্যায়ের প্রশিক্ষকের কাছ থেকেও দিকনির্দেশনা পাওয়া যাবে।

এ ছাড়া অংশগ্রহণকারীরা আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে পেশাগত যোগাযোগ তৈরির সুযোগ পাবেন। কর্মসূচির প্রয়োজনীয় সরাসরি অংশগ্রহণের ক্ষেত্রে যাতায়াত ও আবাসনের খরচও বহন করা হবে।

কর্মসূচি শেষে অংশগ্রহণকারীরা উইমেনলিফট হেলথের আন্তর্জাতিক নেতৃত্ব নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ পাবেন।

কারা আবেদন করতে পারবেন

স্বাস্থ্য খাত ও সংশ্লিষ্ট ক্ষেত্রে ১০ থেকে ২৫ বছরের পেশাগত অভিজ্ঞতাসম্পন্ন নারীরা এ কর্মসূচিতে আবেদন করতে পারবেন। আবেদনকারীদের নির্দিষ্ট কয়েকটি দেশের নাগরিক এবং সেসব দেশে বসবাস ও কর্মরত হতে হবে।

যোগ্য দেশগুলো হলো—অ্যাঙ্গোলা, বতসোয়ানা, লেসোথো, মালাউই, মোজাম্বিক, নামিবিয়া, দক্ষিণ আফ্রিকা, ইসওয়াতিনি, জাম্বিয়া ও জিম্বাবুয়ে।

আবেদনকারীদের ইংরেজিতে লিখিত ও মৌখিক যোগাযোগে দক্ষ হতে হবে। পাশাপাশি নির্ধারিত সময় অনুযায়ী কর্মসূচির অন্তত ৭৫ শতাংশ কার্যক্রমে অংশ নেওয়ার সক্ষমতা থাকতে হবে এবং পুরো ১২ মাসের কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণের জন্য প্রস্তুত থাকতে হবে।

নিজের প্রকল্প তৈরির সুযোগ

কর্মসূচির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো স্বাস্থ্য নেতৃত্ব প্রকল্প। অংশগ্রহণকারীদের স্বাস্থ্য খাতের কোনো বাস্তব সমস্যা চিহ্নিত করে সেটির সমাধানে একটি নির্দিষ্ট ও বাস্তবসম্মত প্রকল্প তৈরিতে উৎসাহিত করা হবে।

আয়োজকদের পরামর্শ, প্রকল্পটি এমন হওয়া উচিত, যাতে একটি বাস্তব স্বাস্থ্য সমস্যা সমাধানের পাশাপাশি পুরো স্বাস্থ্যব্যবস্থার ওপর এর সম্ভাব্য প্রভাব তুলে ধরা যায়। দীর্ঘমেয়াদে কী ধরনের পরিবর্তন আনা সম্ভব, সেটিও প্রকল্পে স্পষ্ট করার পরামর্শ দেওয়া হয়েছে।

কর্মসূচির সময় ও আবেদন

কর্মসূচির মেয়াদ: ১২ মাস
অঞ্চল: দক্ষিণ আফ্রিকা
পদ্ধতি: অনলাইন ও সরাসরি অংশগ্রহণের সমন্বয়ে
আবেদনের শেষ সময়: ১৮ সেপ্টেম্বর ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট (দক্ষিণ আফ্রিকা সময়)

যোগ্য ও আগ্রহী নারী স্বাস্থ্য পেশাজীবীদের নির্ধারিত সময়ের আগেই আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে।

আবেদন ও বিস্তারিত তথ্য: https://wp.me/p23f03-nke