অস্ট্রিয়ায় কম্পিউটার বিজ্ঞানে স্নাতকোত্তর, টিউশন ফি নেই, মিলবে বৃত্তিও
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ৫:৪১ অপরাহ্ণ, আগস্ট ১৪, ২০২৬
অস্ট্রিয়ায় কম্পিউটার বিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর করার সুযোগ দিচ্ছে ভিয়েনা ইউনিভার্সিটি অব টেকনোলজি। বিশ্ববিদ্যালয়টির ‘হেলমুট ভেইথ স্কলারশিপ’-এর আওতায় মেধাবী ও প্রতিভাবান নারী শিক্ষার্থীদের সম্পূর্ণ অর্থায়নে স্নাতকোত্তর পড়ার সুযোগ দেওয়া হবে। বাংলাদেশসহ বিশ্বের যেকোনো দেশের যোগ্য নারী শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।
কম্পিউটার বিজ্ঞানী ও গবেষক হেলমুট ভেইথের স্মরণে এ বৃত্তি চালু করা হয়েছে। কম্পিউটার বিজ্ঞান, কম্পিউটার-সহায়তা যাচাইকরণ, সফটওয়্যার প্রকৌশল ও কম্পিউটার নিরাপত্তার ক্ষেত্রে গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন হেলমুট ভেইথ। তিনি ভিয়েনা ইউনিভার্সিটি অব টেকনোলজির অধ্যাপক ছিলেন এবং সেখানে থাকাকালে নারী শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় উৎসাহিত করেছেন।
বৃত্তিতে যেসব সুবিধা
‘হেলমুট ভেইথ স্কলারশিপ’-এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা দুই বছর পর্যন্ত বিভিন্ন আর্থিক সুবিধা পাবেন। এর মধ্যে রয়েছে—
- সম্পূর্ণ স্নাতকোত্তর ডিগ্রির টিউশন ফি মওকুফ;
- দুই বছর পর্যন্ত প্রতি বছর ৭ হাজার ইউরো বৃত্তি;
- সংশ্লিষ্ট বিষয়ে গবেষণা ও একাডেমিক কাজের সুযোগ।
যেসব বিষয়ে পড়ার সুযোগ
বৃত্তির আওতায় কম্পিউটার বিজ্ঞান-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে স্নাতকোত্তর করার সুযোগ রয়েছে। বিষয়গুলো হলো—
- যুক্তিবিদ্যা ও কম্পিউটেশন;
- ব্যবসায়িক ইনফরমেটিকস;
- ডেটা বিজ্ঞান;
- গণমাধ্যম ও মানবকেন্দ্রিক কম্পিউটিং;
- কম্পিউটার প্রকৌশল;
- সফটওয়্যার প্রকৌশল ও ইন্টারনেট কম্পিউটিং।
কারা আবেদন করতে পারবেন
বিশ্বের যেকোনো দেশের নারী শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। আবেদনকারীর কম্পিউটার বিজ্ঞান অথবা গণিতে স্নাতক ডিগ্রি থাকতে হবে।
এ ছাড়া হেলমুট ভেইথের গবেষণার ক্ষেত্রগুলোর সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ে গবেষণার আগ্রহ ও প্রয়োজনীয় প্রযুক্তিগত জ্ঞান থাকতে হবে। পাশাপাশি ইংরেজি ভাষায় দক্ষতা এবং ভালো একাডেমিক ফলাফল থাকতে হবে।
যেসব কাগজপত্র লাগবে
আবেদনের জন্য সাধারণত প্রয়োজন হবে—
- পাসপোর্ট;
- জীবনবৃত্তান্ত বা সিভি;
- স্নাতক ডিগ্রির সনদ ও একাডেমিক ফলাফলের বিবরণী;
- কভার লেটার;
- দুটি মোটিভেশন লেটার;
- শিক্ষকদের সঙ্গে যোগাযোগের সম্পূর্ণ তথ্য;
- ইংরেজি ভাষায় দক্ষতার সনদ।
আবেদনপ্রক্রিয়া
অনলাইনে এ বৃত্তির জন্য আবেদন করতে হবে। আবেদনকারীর প্রয়োজনীয় সব কাগজপত্র একত্র করে একটি পিডিএফ ফাইল তৈরি করে নির্ধারিত নির্দেশনা অনুযায়ী জমা দিতে হবে।
আবেদনের শেষ তারিখ: ৩০ নভেম্বর ২০২৬।
আগ্রহী শিক্ষার্থীদের আবেদন করার আগে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বৃত্তির যোগ্যতা, প্রয়োজনীয় কাগজপত্র ও আবেদনসংক্রান্ত সর্বশেষ নির্দেশনা যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।



