চীনে এক বছর মেয়াদি স্নাতকোত্তর, সব খরচ দেবে বৃত্তি কর্তৃপক্ষ
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ৫:৪২ অপরাহ্ণ, আগস্ট ১৪, ২০২৬
চীনের বেইজিংয়ে অবস্থিত সিংহুয়া বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ অর্থায়নে এক বছর মেয়াদি স্নাতকোত্তর করার সুযোগ দিচ্ছে ‘শোয়ার্জম্যান স্কলারস’ কর্মসূচি। আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য এ বৃত্তির আওতায় টিউশন ফি থেকে শুরু করে থাকা-খাওয়া, যাতায়াত ও স্বাস্থ্যবিমাসহ বিভিন্ন সুবিধা দেওয়া হবে। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।
সিংহুয়া বিশ্ববিদ্যালয় চীনের অন্যতম শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়। ১৯১১ সালে বেইজিংয়ে প্রতিষ্ঠিত এ বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান, প্রকৌশল, কলা ও সাহিত্য, সমাজবিজ্ঞান ও চিকিৎসাবিজ্ঞানসহ বিভিন্ন বিষয়ে শিক্ষা ও গবেষণা পরিচালিত হয়। বিশ্ববিদ্যালয়টিতে ২০টি স্কুল ও ৫৭টি বিভাগ রয়েছে।
যেসব সুবিধা পাবেন
‘শোয়ার্জম্যান স্কলারস’ বৃত্তির আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের জন্য থাকছে—
- সম্পূর্ণ টিউশন ফি;
- বিমানে আসা-যাওয়ার খরচ;
- থাকা ও খাওয়াসহ আনুষঙ্গিক ব্যয় মেটাতে মাসিক উপবৃত্তি;
- বইপত্র কেনার জন্য ভাতা;
- স্বাস্থ্যবিমা;
- ভ্রমণ ভাতা।
আবেদনের যোগ্যতা
এ বৃত্তির জন্য আবেদন করতে হলে প্রার্থীকে কয়েকটি শর্ত পূরণ করতে হবে। সেগুলো হলো—
- আবেদনকারীর অবশ্যই স্নাতক ডিগ্রি থাকতে হবে;
- ২০২৭ সালের ১ আগস্ট আবেদনকারীর বয়স কমপক্ষে ১৮ বছর এবং ২৯ বছরের কম হতে হবে;
- নেতৃত্ব দেওয়ার সক্ষমতা থাকতে হবে;
- ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে।
ইংরেজি ভাষার দক্ষতার প্রমাণ হিসেবে নির্ধারিত স্কোর জমা দিতে হবে। এর মধ্যে টোফেল আইবিটিতে কমপক্ষে ১০০, আইইএলটিএসে ৭ এবং কেমব্রিজ ইংলিশ অ্যাডভান্স বা সি১/সি২ পরীক্ষায় ন্যূনতম ১৮৫ স্কোর প্রয়োজন।
যেসব কাগজপত্র লাগবে
আবেদনের সময় প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে হবে। এর মধ্যে রয়েছে—
- জীবনবৃত্তান্ত বা সিভি;
- অনলাইন আবেদনপত্র;
- একাডেমিক ট্রান্সক্রিপ্ট;
- তিনটি রেফারেন্স লেটার;
- ইংরেজি ভাষার দক্ষতার পরীক্ষার স্কোর;
- স্টেটমেন্ট অব পারপাস;
- নেতৃত্ব বিষয়ে প্রবন্ধ;
- অন্যান্য প্রাসঙ্গিক কাগজপত্র, যদি থাকে।
যেভাবে আবেদন
আগ্রহী শিক্ষার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদনপদ্ধতি, প্রয়োজনীয় নথিপত্র ও বিস্তারিত শর্ত জানতে শোয়ার্জম্যান স্কলারসের নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ৯ সেপ্টেম্বর ২০২৬।
আগ্রহী শিক্ষার্থীদের শেষ সময়ের অপেক্ষা না করে প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত করে দ্রুত আবেদন করার পরামর্শ দেওয়া হচ্ছে।



