আমেরিকায় স্টাডি ভিসা দ্রুত করার তাগিদ ৩০ সিনেটরের

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ২:৫৬ অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০২৬

আমেরিকায় পড়তে যাওয়া শিক্ষার্থীদের স্টাডি ভিসা প্রসেসিং দ্রুত করার দাবি জানিয়েছেন ৩০ জন সিনেটর। এ দাবিতে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর কাছে চিঠি দিয়েছেন তারা। ক্যালিফোর্নিয়ার সিনেটর আলেক্স প্যাডিলার নেতৃত্বে লেখা চিঠিতে বলা হয়েছে, বর্তমানে ভিসা আবেদনের ব্যস্ত সময়ে অনেক শিক্ষার্থী ও স্কলার সময়মতো ভিসা ইন্টারভিউয়ের অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না।

সিনেটররা জানান, বিভিন্ন দূতাবাস ও কনস্যুলেট থেকে অভিযোগ পাওয়া যাচ্ছে, অনেক শিক্ষার্থী ক্লাস শুরুর আগে আমেরিকায় পৌঁছানোর মতো সময়ের মধ্যে ভিসা ইন্টারভিউয়ের অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না। এতে শিক্ষার্থীদের পড়াশোনা শুরু করা নিয়ে অনিশ্চয়তা তৈরি হচ্ছে।

এ কারণে সিনেটররা শুধু ভিসা প্রসেসিং দ্রুত করার দাবি জানাননি, যাচাই করা এবং আগে আমেরিকায় পড়াশোনা করা রিটার্নিং শিক্ষার্থীদের জন্য ইন্টারভিউ ওয়েভার প্রক্রিয়া আরও সহজ করারও দাবি জানিয়েছেন।

সিনেটরদের এই দাবি এমন সময়ে এসেছে, যখন আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলো ২০২৬ সালের ফল সেমিস্টারের আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তির প্রস্তুতি নিচ্ছে।

ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল এডুকেশন বা আইআইই-এর তথ্য অনুযায়ী, ৬৩ শতাংশ আমেরিকান প্রতিষ্ঠান আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা কমে যাওয়ার আশঙ্কা করছে।

চলতি সময়ে বিশ্বকাপের দর্শনার্থীদের ভিসা প্রসেসিংকে অগ্রাধিকার দেওয়ার কারণে শিক্ষার্থীদের ভিসা আবেদন পিছিয়ে পড়েছে বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন। এর সাথে গত বছর স্টাডি ভিসা আবেদনকারীদের জন্য অনলাইন যাচাই বাড়ানো হয়। সংশ্লিষ্টদের মতে, এর ফলে ভিসা প্রসেসিংয়ে আরও বেশি সময় লাগছে।