ভারতীয় ভিসা নিয়ে দালালদের প্রতারণা, সতর্ক করল হাইকমিশন

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ৪:০৩ অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০২৬

ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন ভিসা এজেন্ট ও দালালদের বিষয়ে আবেদনকারীদের সতর্ক করেছে। গত ১৭ আগস্ট প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে হাইকমিশন জানিয়েছে, কিছু অসাধু দালাল টাকা নিয়ে আবেদনকারীদের পাসপোর্টে ভারতীয় ইমিগ্রেশনের নকল স্ট্যাম্প এবং অন্যান্য দেশের জাল ভিসা স্ট্যাম্প লাগিয়ে দিয়েছে। এ ধরনের ঘটনা তাদের নজরে এসেছে।

হাইকমিশন জানিয়েছে, ভিসা প্রক্রিয়ায় কোনো শর্টকাট নেই। যেসব এজেন্ট ভিসা নিশ্চিত বা সহজে অনুমোদনের প্রতিশ্রুতি দেয়, তাদের বিশ্বাস না করার পরামর্শ দেওয়া হয়েছে। আবেদনকারীদের প্রকৃত ও সঠিক তথ্য এবং প্রয়োজনীয় নথিপত্র জমা দেওয়ার আহ্বান জানিয়েছে হাইকমিশন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মিথ্যা, মনগড়া তথ্য বা পরিবর্তিত স্ট্যাম্প-সম্বলিত পাসপোর্ট ও নথিপত্র জমা দেওয়া যাবে না। ভিসা যাচাই প্রক্রিয়ায় এ ধরনের জালিয়াতি শনাক্ত হলে আবেদন বাতিল করা হবে। ভবিষ্যতে ভিসা আবেদনের ওপরও এর নেতিবাচক প্রভাব পড়বে।

আবেদনকারীদের সতর্ক করে হাইকমিশন বলেছে, কোনো এজেন্টকে টাকা বা পাসপোর্ট দিয়ে নিজেদের ভ্রমণ পরিকল্পনা ঝুঁকিতে ফেলা উচিত নয়। নির্ধারিত ভিসা পদ্ধতি অনুসরণ করা এবং প্রকৃত নথিপত্র জমা দেওয়াই নিরাপদ উপায়।