ওমানে নতুন ঠিকানায় যাচ্ছে বাংলাদেশ দূতাবাস
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ৪:১১ অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০২৬
ওমানের রাজধানী মাসকাটে বাংলাদেশ দূতাবাস নতুন ঠিকানায় স্থানান্তরিত হচ্ছে। সেপ্টেম্বরের শেষ সপ্তাহে শাতি আল কুরুমের বর্তমান কার্যালয় ছেড়ে বাউশার এলাকার আল সুরুজে নতুন কার্যালয়ে কার্যক্রম শুরু করবে দূতাবাস।
মাসকাটে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের সাথে কথা বলে এ তথ্য জানা গেছে। নতুন কার্যালয়ের ঠিকানা—বাউশার, আল সুরুজ, সড়ক নম্বর ৩০৪০, প্লট নম্বর ৫৪৬, ইউনিট নম্বর ১ ও ২, ভিলা নম্বর ৩১২৬ এ ও বি।
তবে সেপ্টেম্বরের শেষ সপ্তাহের ঠিক কোন দিনে দূতাবাস নতুন ঠিকানায় কার্যক্রম শুরু করবে, তা এখনো নির্ধারণ করা হয়নি।
দুইটি ভিলা ভাড়া নিয়ে নতুন কার্যালয় স্থাপন করা হচ্ছে। ফলে সেখানে ওমানপ্রবাসী বাংলাদেশিদের জন্য আগের তুলনায় আরও বেশি সুযোগ-সুবিধা থাকবে। নতুন কার্যালয়ে পর্যাপ্ত শৌচাগার, নারীদের জন্য আলাদা সেবা কাউন্টার, শিশুদের বুকের দুধ খাওয়ানোর জন্য বিশেষ স্থান, অপেক্ষমাণ কক্ষ, সারি ব্যবস্থাপনা এবং শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশসহ বিভিন্ন সুবিধা থাকবে।
দূতাবাসের কর্মকর্তারা জানিয়েছেন, চলতি আগস্ট মাস এবং সেপ্টেম্বরের শেষ সপ্তাহে নতুন ঠিকানায় স্থানান্তর না হওয়া পর্যন্ত বর্তমান কার্যালয় থেকেই নিয়মিত কার্যক্রম পরিচালিত হবে। এ সময় ওমানপ্রবাসী বাংলাদেশিরা আগের ঠিকানাতেই দূতাবাসের প্রয়োজনীয় সেবা নিতে পারবেন।



