কানাডায় স্কলারশিপে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডির সুযোগ

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ৮:৩৩ অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০২৬

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্কলারশিপের সুযোগ দিচ্ছে কানাডার ইউনিভার্সিটি অব আলবার্টা। বিশ্ববিদ্যালয়টির বিভিন্ন স্কলারশিপের আওতায় স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে পড়াশোনার সুযোগ রয়েছে। আগ্রহী শিক্ষার্থীরা আগামী ১ নভেম্বর ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।

ইউনিভার্সিটি অব আলবার্টা কানাডার অন্যতম শীর্ষস্থানীয় পাবলিক গবেষণা বিশ্ববিদ্যালয়। ১৯০৮ সালে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়টির পাঁচটি ক্যাম্পাস রয়েছে। মানবিক, বিজ্ঞান, সৃজনশীল শিল্প, ব্যবসা, প্রকৌশল ও স্বাস্থ্যবিজ্ঞানসহ বিভিন্ন ক্ষেত্রে উচ্চশিক্ষার সুযোগ রয়েছে এখানে।

যেসব স্কলারশিপ

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়টির বিভিন্ন ধরনের বৃত্তি রয়েছে। এর মধ্যে রয়েছে গোল্ড স্ট্যান্ডার্ড স্কলারশিপ, ডক্টরাল রিসার্চ স্কলারশিপ ও মাস্টার্স এন্ট্রি স্কলারশিপ।

প্রথম বর্ষে ভর্তি হওয়া আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বিশেষ স্কলারশিপের সুযোগ রয়েছে, যার আওতায় সর্বোচ্চ ৯ হাজার কানাডিয়ান ডলার পর্যন্ত আর্থিক সহায়তা পাওয়া যেতে পারে। এ স্কলারশিপ চার বছর মেয়াদে দেওয়া হয়।

যেসব বিষয়ে পড়ার সুযোগ

ইউনিভার্সিটি অব আলবার্টায় ২০০টির বেশি স্নাতক এবং ৫০০টির বেশি স্নাতকোত্তর ডিগ্রি প্রোগ্রাম রয়েছে। এর মধ্যে নার্সিং, ফার্মেসি ও ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস, মেডিসিন, দন্তচিকিৎসা, বিজ্ঞান, প্রকৌশল, আইন, সামাজিক বিজ্ঞান, ব্যবসা, কৃষি ও পরিবেশবিজ্ঞান উল্লেখযোগ্য।

আবেদনের যোগ্যতা

আন্তর্জাতিক শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনকারীর পূর্ববর্তী একাডেমিক ফলাফল ভালো হতে হবে। স্নাতকে আবেদনের জন্য উচ্চমাধ্যমিক বা সমমানের শিক্ষাগত যোগ্যতা, স্নাতকোত্তরে আবেদনের জন্য স্নাতক ডিগ্রি এবং পিএইচডিতে আবেদনের জন্য স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি ইংরেজি ভাষায় দক্ষতার প্রমাণ দিতে হবে।

যেভাবে আবেদন

আগ্রহী শিক্ষার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদনপ্রক্রিয়া, প্রয়োজনীয় কাগজপত্র ও বিস্তারিত যোগ্যতার তথ্য জানতে ইউনিভার্সিটি অব আলবার্টার অফিশিয়াল আবেদন পেজে যেতে হবে।

আবেদনের শেষ সময়: ১ নভেম্বর ২০২৬।