টোকিও বিশ্ববিদ্যালয়ের ফ্রি কোর্সে আবেদন করুন
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ৮:৩৭ অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০২৬
ডেটা সায়েন্স, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও মেশিন লার্নিং বিষয়ে বিনা মূল্যে শেখার সুযোগ দিচ্ছে জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টির মাতসুও-ইওয়াসাওয়া ল্যাবরেটরির উদ্যোগে এবং জাইকার সহায়তায় পরিচালিত গ্লোবাল কনজিউমার ইন্টেলিজেন্স (জিআইসি) ওয়ার্ল্ড নামের এ অনলাইন প্রোগ্রামে বাংলাদেশের শিক্ষার্থীরাও অংশ নিতে পারবেন।
তিন মাসের এ প্রোগ্রাম শুরু হবে ২০২৬ সালের সেপ্টেম্বর থেকে। অনলাইনভিত্তিক হওয়ায় বিশ্বের যেকোনো স্থান থেকে শিক্ষার্থীরা এতে অংশ নেওয়ার সুযোগ পাবেন।
প্রোগ্রামটিতে ডেটা সায়েন্সের মৌলিক বিষয় থেকে শুরু করে মেশিন লার্নিং এবং ব্যবসায়িক ক্ষেত্রে ডেটা ব্যবহারের বিভিন্ন দিক শেখানো হবে। তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি বাস্তবধর্মী বিভিন্ন প্রজেক্ট ও প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ থাকবে শিক্ষার্থীদের। এর মাধ্যমে ইন্ডাস্ট্রি-রেডি দক্ষতা অর্জনের সুযোগ তৈরি হবে।
যেসব বিষয় শেখানো হবে
কোর্সের পাঠ্যক্রমে ডেটা সায়েন্সের ভূমিকা, সুপারভাইজড ও আনসুপারভাইজড লার্নিং, ফিচার ইঞ্জিনিয়ারিং, এসকিউএল এবং টাইম সিরিজ অ্যানালাইসিসের মতো বিষয় রয়েছে।
এ ছাড়া শিক্ষার্থীদের প্রস্তুতির জন্য পাইথন প্রোগ্রামিংয়ের ওপর বিশেষ সাপ্লিমেন্টারি সেশন থাকবে। টিচিং অ্যাসিস্ট্যান্টদের মাধ্যমে অনলাইন অফিস আওয়ারের ব্যবস্থাও থাকবে, যেখানে শিক্ষার্থীরা কোর্স-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সহায়তা নিতে পারবেন।
কারা আবেদন করতে পারবেন
প্রোগ্রামে আবেদন করতে হলে শিক্ষার্থীকে ১৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখে কোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠানে—স্কুল, কলেজ, ভোকেশনাল প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয়ে—অধ্যয়নরত থাকতে হবে।
আবেদনের সময় নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের আইডি কার্ড অথবা এনরোলমেন্ট সার্টিফিকেট জমা দিতে হবে। বর্তমানে কোনো ডিগ্রি প্রোগ্রামে ভর্তি নেই—এমন ব্যক্তি এ কোর্সে আবেদন করতে পারবেন না।
তবে খণ্ডকালীন শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। পাশাপাশি কোর্স চলাকালীন স্নাতক শেষ করবেন এমন শিক্ষার্থীরাও আবেদনের যোগ্য হিসেবে বিবেচিত হবেন।
যেভাবে আবেদন
আগ্রহী শিক্ষার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। কোর্সের বিস্তারিত তথ্য, যোগ্যতা ও আবেদনপ্রক্রিয়া জানতে টোকিও বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
কোর্সের মেয়াদ: ৩ মাস
শুরু: সেপ্টেম্বর ২০২৬
অংশগ্রহণ: বিনা মূল্যে
আবেদন: অনলাইনে



