আবেদন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত
ইন্দোনেশিয়ায় স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডি
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ১২:২৬ অপরাহ্ণ, আগস্ট ২০, ২০২৬
বাংলাদেশসহ আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ২০২৭-২৮ শিক্ষাবর্ষে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে স্কলারশিপ দিচ্ছে ইন্দোনেশিয়ার মুহাম্মাদিয়াহ ইউনিভার্সিটি অব যোগ্যাকার্তা (ইউএমওয়াই)। ‘ইউএমওয়াই ইন্টারন্যাশনাল স্টুডেন্টস স্কলারশিপ’-এর আওতায় এসব প্রোগ্রামে পড়ার সুযোগ পাবেন নির্বাচিত শিক্ষার্থীরা।
এ স্কলারশিপের জন্য বাংলাদেশসহ বিভিন্ন দেশের আন্তর্জাতিক শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ৩০ সেপ্টেম্বর ২০২৬।
যেসব সুবিধা
স্কলারশিপের আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে। পাশাপাশি জীবনযাত্রার খরচ হিসেবে প্রতি মাসে স্নাতক পর্যায়ে ১৮ লাখ ৫০ হাজার ইন্দোনেশিয়ান রুপিয়াহ (আইডিআর), স্নাতকোত্তরে ২৬ লাখ ৫০ হাজার আইডিআর এবং পিএইচডিতে ২৬ লাখ আইডিআর দেওয়া হবে।
এ ছাড়া শিক্ষার্থীদের জন্য ডরমিটরি বা আবাসন সুবিধা, ইন্দোনেশিয়ান ভাষা শেখার কোর্স এবং স্বাস্থ্যবিমার সুবিধা রয়েছে।
স্কলারশিপের আওতায় স্নাতক পর্যায়ের জন্য সর্বোচ্চ আট সেমিস্টার, স্নাতকোত্তরে চার সেমিস্টার এবং ডক্টরাল প্রোগ্রামে আট সেমিস্টার পর্যন্ত সহায়তা দেওয়া হবে।
কারা আবেদন করতে পারবেন
আন্তর্জাতিক শিক্ষার্থীরা এ স্কলারশিপে আবেদন করতে পারবেন। স্নাতক পর্যায়ে আবেদনের জন্য উচ্চমাধ্যমিক বা সমমানের ডিগ্রি, স্নাতকোত্তরের জন্য স্নাতক ডিগ্রি এবং পিএইচডির জন্য স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
আবেদনকারীদের নির্ধারিত ইংরেজি ভাষাগত দক্ষতাও থাকতে হবে। সাধারণভাবে স্নাতক পর্যায়ের জন্য সিইএফআর বি১ এবং স্নাতকোত্তর ও ডক্টরাল প্রোগ্রামের জন্য সিইএফআর বি২ মানদণ্ড প্রযোজ্য। তবে বিষয় ও প্রোগ্রামভেদে অতিরিক্ত যোগ্যতা থাকতে পারে।
যেসব কাগজপত্র লাগবে
আবেদনের সময় ছবি, একাডেমিক সার্টিফিকেট ও ট্রান্সক্রিপ্ট, ভাষা দক্ষতার সনদ, বৈধ পাসপোর্ট, একাডেমিক সুপারিশপত্র এবং মোটিভেশন লেটার জমা দিতে হবে।
এ ছাড়া প্রয়োজন অনুযায়ী তত্ত্বাবধায়কের সুপারিশপত্র, মেডিকেল রিপোর্ট এবং স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামের জন্য গবেষণা প্রস্তাব জমা দিতে হবে।
আবেদন যেভাবে
অনলাইনে আবেদন করতে হবে। আবেদন ও বিস্তারিত যোগ্যতার শর্ত জানতে ইউএমওয়াইয়ের স্কলারশিপ তথ্য দেখা যাবে।
আবেদনের শেষ তারিখ: ৩০ সেপ্টেম্বর ২০২৬।



