ইতালিতে বিনা খরচে উচ্চশিক্ষা, যেভাবে পাবেন বোকোনির বৃত্তি

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ১২:৪৭ অপরাহ্ণ, আগস্ট ২২, ২০২৬

উচ্চশিক্ষার জন্য বাংলাদেশি শিক্ষার্থীদের কাছে ইউরোপের জনপ্রিয় গন্তব্যগুলোর একটি ইতালি। তবে টিউশন ফি ও জীবনযাত্রার ব্যয় অনেক শিক্ষার্থীর জন্য বড় বাধা। এই খরচ কমাতে বৃত্তি ও আর্থিক সহায়তার সুযোগ রয়েছে দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে।

২০২৭-২৮ শিক্ষাবর্ষে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য এমনই একাধিক বৃত্তি ও আর্থিক সহায়তার সুযোগ দিচ্ছে ইতালির খ্যাতনামা বোকোনি বিশ্ববিদ্যালয়। যোগ্যতা অনুযায়ী কোনো কোনো শিক্ষার্থী শতভাগ পর্যন্ত টিউশন ফি মওকুফের সুযোগ পেতে পারেন।

স্নাতকে মিলতে পারে শতভাগ টিউশন ফি মওকুফ

স্নাতক ও আইন প্রোগ্রামের প্রথম বর্ষের আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য রয়েছে ‘বোকোনি ফর অ্যাকসেস টু এডুকেশন’ কর্মসূচি। এর আওতায় যোগ্য শিক্ষার্থীরা সর্বোচ্চ ১০০ শতাংশ টিউশন ফি মওকুফ পেতে পারেন।

এ ক্ষেত্রে শিক্ষার্থীর পরিবারের আর্থিক অবস্থা ও সম্পদের মূল্যায়ন করা হয়। পাশাপাশি প্রয়োজনভিত্তিক অন্যান্য সহায়তার আওতায় ৬০ শতাংশ বা ২০ শতাংশ পর্যন্ত আংশিক টিউশন ফি মওকুফের সুযোগও রয়েছে।

নারী শিক্ষার্থী, প্রতিবন্ধী শিক্ষার্থী, একই সময়ে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ভাই-বোন এবং শিক্ষার্থী অ্যাথলেটদের জন্যও বিশেষ সহায়তার ব্যবস্থা রয়েছে। ৬৬ শতাংশ বা তার বেশি প্রতিবন্ধিতা থাকা শিক্ষার্থীদের জন্য টিউশন ফি মওকুফের সুযোগও রয়েছে।

স্নাতকোত্তরেও একাধিক বৃত্তি

স্নাতকোত্তর পর্যায়ের আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্যও রয়েছে বিভিন্ন ধরনের বৃত্তি। এর মধ্যে রয়েছে বোকোনি মেরিট অ্যাওয়ার্ড, ওমেন অ্যাওয়ার্ড, কৃত্রিম বুদ্ধিমত্তা-সংক্রান্ত বিশেষ পুরস্কার এবং প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য টিউশন ফি মওকুফ।

এ ছাড়া আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য আইএসইউ বোকোনি স্কলারশিপ রয়েছে। আন্তর্জাতিক শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ এবং খেলাধুলার সঙ্গে যুক্ত শিক্ষার্থীদের জন্যও আলাদা সহায়তার সুযোগ রয়েছে।

যেসব সুবিধা পাওয়া যেতে পারে

বৃত্তির ধরন ও যোগ্যতার ওপর নির্ভর করে শিক্ষার্থীরা পেতে পারেন—

  • সম্পূর্ণ বা আংশিক টিউশন ফি মওকুফ
  • নগদ আর্থিক সহায়তা
  • খাবারসহ নির্দিষ্ট কিছু সুবিধা
  • বিশেষ ক্ষেত্রে আবাসন বা অন্যান্য সহায়তা
  • আন্তর্জাতিক শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ
  • বিভিন্ন একাডেমিক ও পেশাগত সুবিধা ব্যবহারের সুযোগ

কারা আবেদন করতে পারবেন

প্রতিটি বৃত্তির যোগ্যতা ও শর্ত আলাদা। তবে সাধারণভাবে বোকোনি বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট স্নাতক বা স্নাতকোত্তর প্রোগ্রামে ভর্তির যোগ্যতা থাকতে হবে।

কিছু বৃত্তিতে একাডেমিক ফলাফল ও মেধাকে বেশি গুরুত্ব দেওয়া হয়। আবার প্রয়োজনভিত্তিক বৃত্তির ক্ষেত্রে পরিবারের আয়, আর্থিক অবস্থা ও সম্পদের তথ্য বিবেচনা করা হতে পারে।

এ ছাড়া নির্দিষ্ট কিছু সহায়তার ক্ষেত্রে নারী শিক্ষার্থী, প্রতিবন্ধিতা, খেলাধুলা বা অন্যান্য বিশেষ যোগ্যতাও বিবেচনায় নেওয়া হয়।

আবেদন করবেন যেভাবে

আগ্রহী শিক্ষার্থীদের অনলাইনে বোকোনি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। ২০২৭-২৮ শিক্ষাবর্ষের বৃত্তি, যোগ্যতা, আবেদনের সময়সীমা ও প্রয়োজনীয় কাগজপত্র সম্পর্কে সর্বশেষ তথ্য বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফান্ডিং ও অ্যাডমিশন পেজে দেখে আবেদন করা উচিত।

বোকোনি বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফান্ডিং পেজ