বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সুইডেনে বৃত্তির সুযোগ
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ১২:৫৪ অপরাহ্ণ, আগস্ট ২২, ২০২৬
সুইডেনে উচ্চশিক্ষার স্বপ্ন দেখা আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ এসেছে। ২০২৭ শিক্ষাবর্ষে স্নাতকোত্তর পড়াশোনার জন্য ডালার্না বিশ্ববিদ্যালয়ে বৃত্তির সুযোগ দেওয়া হচ্ছে। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও ইউরোপীয় অর্থনৈতিক অঞ্চল (ইইএ)-এর বাইরের দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।
ভালো একাডেমিক ফলাফল, ইংরেজি ভাষায় দক্ষতা এবং সংশ্লিষ্ট বিষয়ে পড়াশোনার আগ্রহ ও যোগ্যতা থাকলে বৃত্তির জন্য বিবেচিত হওয়ার সুযোগ রয়েছে। বৃত্তির মাধ্যমে শিক্ষার্থীদের টিউশন ফির আর্থিক চাপও কমবে।
বৃত্তিতে যা মিলবে
ডালার্না বিশ্ববিদ্যালয়ের এই বৃত্তি মূলত টিউশন ফির ওপর দেওয়া হয়। নির্বাচিত শিক্ষার্থীরা টিউশন ফির ১০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় পেতে পারেন। বৃত্তির ধরন ও সিদ্ধান্ত অনুযায়ী কোনো কোনো ক্ষেত্রে টিউশন ফি পুরোপুরি মওকুফের সুযোগও থাকতে পারে।
বিভিন্ন মাস্টার্স প্রোগ্রামে পড়াশোনার পাশাপাশি আন্তর্জাতিক শিক্ষার্থীদের সঙ্গে বহুসাংস্কৃতিক পরিবেশে পড়ার সুযোগ পাবেন শিক্ষার্থীরা। একই সঙ্গে সুইডিশ সংস্কৃতি ও স্ক্যান্ডিনেভীয় জীবনধারা সম্পর্কে জানার সুযোগও তৈরি হবে।
ডালার্না বিশ্ববিদ্যালয় থেকে অর্জিত মাস্টার্স ডিগ্রি ভবিষ্যতে উচ্চশিক্ষা ও ক্যারিয়ারের ক্ষেত্রেও কাজে আসতে পারে।
কারা আবেদন করতে পারবেন
বৃত্তির জন্য আবেদন করতে হলে—
- ইউরোপীয় ইউনিয়ন বা ইউরোপীয় অর্থনৈতিক অঞ্চলের বাইরের দেশের নাগরিক হতে হবে।
- স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সুইডিশ ব্যাচেলর ডিগ্রির সমমানের স্নাতক ডিগ্রি থাকতে হবে।
- পছন্দের মাস্টার্স প্রোগ্রামে ভর্তির প্রয়োজনীয় শর্ত পূরণ করতে হবে।
- ইংরেজি ভাষায় ভালো দক্ষতা থাকতে হবে।
- সাধারণত সুইডিশ উচ্চমাধ্যমিকের ইংলিশ ৬-এর সমমানের দক্ষতা প্রয়োজন হতে পারে। কিছু প্রোগ্রামে ইংলিশ ৫ বা ইংলিশ ৭-এর সমমানের দক্ষতা চাওয়া হতে পারে।
- আইইএলটিএসে কমপক্ষে ৬.৫ স্কোর থাকতে হবে এবং কোনো ব্যান্ডে ৬-এর নিচে হলে তা গ্রহণযোগ্য হবে না।
- টোয়েফল আইবিটির ক্ষেত্রে কমপক্ষে ৯০ স্কোর প্রয়োজন হতে পারে।
- আগে ডালার্না বিশ্ববিদ্যালয়ের কোনো বৃত্তি পেয়েছেন এমন শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন না।
যেসব কাগজ লাগবে
আবেদনের আগে প্রয়োজনীয় নথিগুলো প্রস্তুত রাখতে হবে। এর মধ্যে রয়েছে—
- অনলাইন আবেদনপত্র
- পাসপোর্টের স্ক্যান কপি
- স্নাতক ডিগ্রির সনদ ও একাডেমিক ট্রান্সক্রিপ্ট
- হালনাগাদ জীবনবৃত্তান্ত (সিভি)
- ইংরেজি ভাষার দক্ষতার প্রমাণ
- ব্যক্তিগত বিবৃতি
- মোটিভেশন লেটার
- সুপারিশপত্র
যেভাবে আবেদন করবেন
প্রথমে ডালার্না বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স প্রোগ্রামগুলোর তালিকা থেকে নিজের পছন্দের বিষয় নির্বাচন করতে হবে। এরপর বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত আবেদন পোর্টালের মাধ্যমে সংশ্লিষ্ট মাস্টার্স প্রোগ্রামে আবেদন করতে হবে।
মাস্টার্সে আবেদন সম্পন্ন করার পর বৃত্তির জন্য আলাদাভাবে আবেদন করতে হবে। প্রয়োজনীয় কাগজপত্রও নির্ধারিত নিয়মে জমা দিতে হবে।
আবেদনের আগে সংশ্লিষ্ট মাস্টার্স প্রোগ্রামের যোগ্যতা, প্রয়োজনীয় নথি এবং বৃত্তির শর্ত ভালোভাবে যাচাই করে নেওয়া জরুরি। মাস্টার্স ও বৃত্তি—দুই আবেদনের সময়সীমাও যথাযথভাবে মেনে চলতে হবে।
আবেদনের শেষ সময়: ১৫ ফেব্রুয়ারি ২০২৭।
আবেদনের বিস্তারিত তথ্য ও আবেদন পোর্টাল বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।



