ফের হরমুজকে ‘নতুন আমেরিকান ভূখণ্ড’ দেখানো মানচিত্র প্রকাশ ট্রাম্পের
ডেল্টা আন্তর্জাতিক
প্রকাশিত: ১১:৩৫ পূর্বাহ্ণ, আগস্ট ২৩, ২০২৬
হরমুজ প্রণালিকে ‘নতুন আমেরিকান ভূখণ্ড’ হিসেবে দেখানো একটি মানচিত্র আবারও প্রকাশ করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে মানচিত্রটি প্রকাশ করেন তিনি। তবে এবার পোস্টটির সাথে কোনো মন্তব্য করেননি ট্রাম্প।
এক সপ্তাহের মধ্যে একই মানচিত্র দ্বিতীয়বার প্রকাশ করলেন আমেরিকার প্রেসিডেন্ট। এর আগে গত ১৮ আগস্টও তিনি একই ছবি প্রকাশ করেছিলেন।
এর আগে শুক্রবার এক সমাবেশে ট্রাম্প হরমুজ প্রণালিকে ‘বর্তমানে আমেরিকার ভূখণ্ড’ হিসেবে দেখার কথা বলেন। একই সাথে ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে হরমুজ প্রণালি নিয়ে ইরানের অবস্থানও কঠোর। দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজায়ি বলেছেন, আমেরিকা তাদের অবস্থান পরিবর্তন না করা পর্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথ বন্ধ থাকবে।
এর আগে ইরান আমেরিকার অর্থনৈতিক অভিযানে কোনো প্রতিবেশী দেশ অংশ নিলে তাকে শত্রু হিসেবে বিবেচনা করার হুঁশিয়ারি দিয়েছে।
তেহরান আরও জানিয়েছে, এমন পরিস্থিতিতে সংশ্লিষ্ট দেশগুলোর স্বার্থে আঘাত করা হতে পারে। একই সাথে হরমুজ প্রণালি দিয়ে উপসাগরীয় অঞ্চলের তেল রপ্তানি বাধাগ্রস্ত করারও হুঁশিয়ারি দিয়েছে ইরান।




