ইউরোপযাত্রায় তিউনিসিয়া উপকূলে নৌকাডুবি, ১৪ জন নিখোঁজ

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ১২:৩৪ অপরাহ্ণ, আগস্ট ২৪, ২০২৬

তিউনিসিয়ার উপকূলে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে অন্তত ১৪ জন নিখোঁজ হয়েছেন। গত ২১ আগস্ট রাতে জারজিস উপকূল থেকে প্রায় ১৪ নটিক্যাল মাইল দূরে নৌকাটি ডুবে যায়। স্থানীয় গণমাধ্যমকে জাতীয় গার্ডের মুখপাত্র হুসেম এদ্দিন জেবাবলি জানিয়েছেন, এ ঘটনায় একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

জাতীয় গার্ড এখনো নিশ্চিত করতে পারেনি, নৌকাটিতে কতজন ছিলেন বা কতজন মারা গেছেন। তবে তিউনিসিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের সভাপতি মোস্তাফা আবদেলকেবির জানিয়েছেন, চারটি মরদেহ উদ্ধার করা হয়েছে। এগুলো নিখোঁজ যাত্রীদের কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

তিউনিসিয়ার উপকূল ইতালির লাম্পেদুসা দ্বীপ থেকে মাত্র ১৪৫ কিলোমিটার দূরে। এ কারণে ইউরোপে পৌঁছাতে চাওয়া অভিবাসীদের অন্যতম প্রধান যাত্রাপথে পরিণত হয়েছে দেশটি। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানিয়েছে, ভূমধ্যসাগরের মধ্যাঞ্চল বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী অভিবাসন রুটগুলোর একটি।

আইওএমের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম চার মাসে এই পথে অভিবাসীদের মৃত্যুর সংখ্যা দ্বিগুণ হয়েছে। চলতি বছর এ পর্যন্ত অন্তত ৯১৪ জন অভিবাসী মারা গেছেন বা নিখোঁজ হয়েছেন।

২০২৩ সালে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে তিউনিসিয়া ২৫৫ মিলিয়ন ইউরোর একটি চুক্তি করে। এর প্রায় অর্ধেক অর্থ অনিয়মিত অভিবাসন ঠেকাতে ব্যয় করার কথা ছিল। ইতালির ডানপন্থি সরকার এ চুক্তিকে জোরালোভাবে সমর্থন করে। চুক্তির অন্যতম লক্ষ্য ছিল তিউনিসিয়ার সক্ষমতা বাড়ানো, যাতে দেশটির উপকূল থেকে অভিবাসীবাহী নৌকা ইউরোপের উদ্দেশে যাত্রা করতে না পারে।

বাংলাদেশ থেকেও বিপুলসংখ্যক তরুণ এই পথ ধরে ইউরোপে যাওয়ার চেষ্টা করছেন। ২০২৬ সালের প্রথম ছয় মাসে লিবিয়া হয়ে গ্রিসে পৌঁছেছেন ৩ হাজার ৬০৮ জন বাংলাদেশি এবং ইতালিতে পৌঁছেছেন আরো ৪ হাজার ২৪৯ জন। ২০০৯ সাল থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত প্রায় ১ লাখ ১০ হাজার বাংলাদেশি ভূমধ্যসাগরীয় পথ ধরে ইউরোপে প্রবেশ করেছেন।

বিশেষজ্ঞরা বলছেন, দারিদ্র্য, কর্মসংস্থানের অভাব, সামাজিক চাপ ও বৈধভাবে বিদেশ যাওয়ার সীমিত সুযোগ তরুণদের ঝুঁকিপূর্ণ পথে ঠেলে দিচ্ছে। পরিবার ও সমাজে বিদেশে যাওয়াকে সফলতার প্রতীক হিসেবে দেখার প্রবণতার কারণে অনেকেই মৃত্যুর ঝুঁকি জেনেও এমন বিপজ্জনক যাত্রায় পা বাড়াচ্ছেন।