প্রধানমন্ত্রীর ভারত সফরের দিনক্ষণ চূড়ান্ত হবে দুই দেশের সুবিধাজনক সময়ে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২:২৪ অপরাহ্ণ, আগস্ট ২৪, ২০২৬
প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফর নিয়ে ঢাকা ও দিল্লির মধ্যে কাজ চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। দুই দেশের সুবিধাজনক সময়ে সফরের দিনক্ষণ চূড়ান্ত হবে বলে তিনি জানিয়েছেন।
সোমবার (২৪ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব বণ্টনের পর প্রথমবারের মতো নিজ দপ্তরে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
নতুন দায়িত্ব গ্রহণের পর সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছালে প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরকে স্বাগত জানান মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
দায়িত্বের চ্যালেঞ্জ নিয়ে তিনি বলেন, দেশের স্বার্থ রক্ষা করেই কূটনীতিতে ভারসাম্য বজায় রাখা হবে। দ্বিপক্ষীয় সম্পর্ক সমতা ও ন্যায্যতার ভিত্তিতে এগিয়ে নেওয়াই সরকারের লক্ষ্য।
জ্বালানি সহযোগিতার বিষয়েও মধ্যপ্রাচ্যের বাইরের কয়েকটি দেশের সঙ্গে আলোচনা চলছে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
প্রধানমন্ত্রীর ভারত সফর প্রসঙ্গে তিনি বলেন, সফরটি নিয়ে দুই দেশ কাজ করছে। ঢাকা ও দিল্লির সুবিধামতো সময়ে এ সফরের দিনক্ষণ চূড়ান্ত হবে।
সাম্প্রতিক বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বক্তব্যকেও ইতিবাচক হিসেবে দেখছেন নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।



