আগাম তথ্য ছাড়াই মস্কোয় মার্কিন সামরিক বিমান, বাড়ছে রহস্য
ডেল্টা আন্তর্জাতিক
প্রকাশিত: ৫:৩৬ অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০২৬
আগাম কোনো তথ্য প্রকাশ না করেই রাশিয়ার রাজধানী মস্কোর একটি বিমানবন্দরে অবতরণ করেছে আমেরিকার বিমানবাহিনীর একটি ভারী সামরিক পরিবহন বিমান। তবে বিমানটি কী বহন করছিল কিংবা কী কারণে মস্কোয় গেছে, সে বিষয়ে কোনো তথ্য নেই বলে জানিয়েছে ক্রেমলিন।
ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, ‘আরসিএইচ৪৫৫৫’ কলসাইন ও ‘০৭-৭১৮১’ নিবন্ধন নম্বরের বোয়িং সি-১৭ গ্লোবমাস্টার থ্রি বিমানটি মঙ্গলবার মস্কোর স্থানীয় সময় সকাল ৮টা ৫০ মিনিটে লাটভিয়ার রাজধানী রিগা থেকে উড্ডয়ন করে। প্রায় এক ঘণ্টা ১৪ মিনিট পর সকাল ১০টা ৪ মিনিটে এটি মস্কোর ভনুকোভো বিমানবন্দরে অবতরণ করে।
বোয়িং সি-১৭ গ্লোবমাস্টার থ্রি আমেরিকার বিমানবাহিনীর একটি ভারী সামরিক পরিবহন বিমান। দীর্ঘ দূরত্বে সেনাসদস্য, সামরিক সরঞ্জাম ও বিভিন্ন ধরনের মালামাল পরিবহনে এটি ব্যবহার করা হয়।
বিমানটির সাম্প্রতিক ফ্লাইট ইতিহাস পর্যালোচনা করে দেখা যায়, গত ২৩ আগস্ট এটি রিগায় পৌঁছেছিল। এর আগে বিমানটি আমেরিকার মেরিল্যান্ড অঙ্গরাজ্যের ক্যাম্প স্প্রিংস থেকে উড্ডয়ন করে। সেখানে অবস্থিত জয়েন্ট বেস অ্যান্ড্রুজ আমেরিকার গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিগুলোর একটি। প্রেসিডেন্টের বিমান পরিবহনসহ এয়ার ফোর্স ওয়ানের কার্যক্রমের সঙ্গেও ঘাঁটিটির সংশ্লিষ্টতা রয়েছে।
তবে প্রকাশ্যে পাওয়া তথ্য অনুযায়ী, সামরিক পরিবহন বিমানটি কেন মস্কোয় গেছে, সেটি কারা ব্যবহার করেছে কিংবা এতে কী ধরনের মালামাল বা ব্যক্তিরা ছিলেন—এসব বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
ক্রেমলিনও বিমানটির মস্কো সফর সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি। বিমানটি কী বহন করছিল বা এর সফরের উদ্দেশ্য কী ছিল, সে বিষয়ে কোনো তথ্য না থাকায় এর আকস্মিক মস্কো সফর নিয়ে রহস্য তৈরি হয়েছে।



