রাশিয়ার গ্যাস প্ল্যান্টে আগুন, নিহত ৭ নিখোঁজ ৯

ডেল্টা আন্তর্জাতিক

ডেল্টা আন্তর্জাতিক

প্রকাশিত: ৭:০৬ অপরাহ্ণ, আগস্ট ২৬, ২০২৬

রাশিয়ার সুদূর পূর্বাঞ্চলের আমুর অঞ্চলে একটি গ্যাস-রাসায়নিক কমপ্লেক্সে ভয়াবহ আগুনে সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ছয়জন চীনের নাগরিক। এ ঘটনায় আরও নয়জন নিখোঁজ রয়েছেন।

বুধবার কমপ্লেক্স কর্তৃপক্ষ জানায়, আগুনের ঘটনায় মোট ১৫২ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ৩৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের অন্য হাসপাতালে নেওয়ার জন্য একটি জরুরি সেবা বিমানও ঘটনাস্থলে পৌঁছেছে।

আমুর গ্যাস-রাসায়নিক কমপ্লেক্সটি রাশিয়ার কোম্পানি সিবুর ও চীনের তেল-গ্যাস কোম্পানি সিনোপেকের যৌথ প্রকল্প। এটি বিশ্বের অন্যতম বৃহৎ পলিথিন ও পলিপ্রোপিলিন উৎপাদনকারী কমপ্লেক্স হিসেবে পরিচিত।

তবে কমপ্লেক্সটিতে এখনো উৎপাদন শুরু হয়নি। উৎপাদন শুরুর প্রস্তুতি চলছিল। রাশিয়ার বড় শিল্প ও অবকাঠামো প্রকল্পগুলোতে প্রায়ই বিদেশি কর্মীদের কাজে নিয়োগ দেওয়া হয়। এসব প্রকল্পে চীনা কর্মীরাও কাজ করেন।

রাশিয়ার তদন্ত কমিটি জানিয়েছে, শিল্প নিরাপত্তা বিধি লঙ্ঘন হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। একই সাথে আগুনের প্রকৃত কারণও তদন্ত করা হচ্ছে।

উৎপাদন শুরু হলে আমুর গ্যাস-রাসায়নিক কমপ্লেক্সে বছরে প্রায় ২৩ লাখ টন পলিথিন ও ৪ লাখ টন পলিপ্রোপিলিন উৎপাদনের সক্ষমতা থাকবে।