চলতি বছরেই স্থানীয় সরকার নির্বাচন, প্রথম ধাপ ডিসেম্বরে : সিইসি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭:০৬ অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০২৬
চলতি বছরেই স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ডিসেম্বর মাসে প্রথম ধাপে ভোটগ্রহণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ তথ্য জানান সিইসি।
তিনি বলেন, শিক্ষার্থীদের পরীক্ষা ও শারদীয় দুর্গাপূজার সময়সূচি বিবেচনায় নিয়ে আগামী ডিসেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রথম ধাপ আয়োজনের লক্ষ্য রয়েছে। এ নির্বাচনের তফসিল সেপ্টেম্বর বা অক্টোবরের মধ্যে ঘোষণা করা হতে পারে।
সিইসির নেতৃত্বে চার সদস্যের নির্বাচন কমিশনের একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে। এ সময় নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ উপস্থিত ছিলেন।
সাক্ষাতের শুরুতে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানান সিইসি। একই সঙ্গে ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচন আয়োজনের প্রস্তুতি, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন এবং প্রবাসীদের এনআইডি সেবা নিয়ে কমিশনের বিভিন্ন অগ্রগতির বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করা হয়।
রাষ্ট্রপতি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করায় নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান। একই সঙ্গে ইসির ভাবমূর্তি ও জনগণের আস্থা অক্ষুণ্ন রেখে স্থানীয় সরকার নির্বাচনগুলো নিরপেক্ষতা ও সততার সঙ্গে সম্পন্ন করার নির্দেশ দেন। এ কাজে নির্বাচন কমিশনকে সার্বিক সহযোগিতার আশ্বাসও দেন তিনি।
স্থানীয় সরকার নির্বাচন ও ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন সামনে রেখে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে শিগগিরই বৈঠকে বসবে নির্বাচন কমিশন।
এদিকে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমেও ভোট দেওয়ার ব্যবস্থা থাকছে। এ সংক্রান্ত প্রয়োজনীয় কেনাকাটার কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে কমিশন।
তবে স্থানীয় সরকার নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ নির্ধারণে কিছু বিষয় বিবেচনায় নিতে হচ্ছে বলে জানিয়েছেন সিইসি। তিনি বলেন, নির্বাচনের তারিখ নির্ধারণের পুরো নিয়ন্ত্রণ সব সময় এককভাবে নির্বাচন কমিশনের হাতে থাকে না। সামনে দুর্গাপূজা, নভেম্বরে শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা এবং আগামী বছরের শুরুতে এসএসসি পরীক্ষা রয়েছে।
ডিসেম্বরে প্রথম ধাপের স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের সুযোগ তৈরি করতে নভেম্বরের মধ্যেই শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা শেষ করার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হবে বলেও জানান সিইসি।



