মক্কা চুক্তি নিয়ে উদ্বেগের কিছু নেই, আমন্ত্রণ পেলে বিবেচনা করবে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭:০৮ অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০২৬
মক্কা প্যাক্ট নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি বলেছেন, বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হলে মক্কা প্যাক্টে যোগ দেওয়ার বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করা হবে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদের অধিবেশনে এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম) অধিবেশনে সভাপতিত্ব করেন।
স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা সম্পূরক প্রশ্নে জানতে চান, সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান গত ৭ আগস্ট মক্কা চুক্তি স্বাক্ষর করেছে। বাংলাদেশ এতে যুক্ত হলে কী ধরনের সুবিধা পাবে?
জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, মক্কা প্যাক্টটি তিন দেশের মধ্যে হয়েছে এবং বাংলাদেশ এটিকে ইতিবাচকভাবে দেখছে। তবে এতে বাংলাদেশের যোগদানের বিষয়টি এখনো আলোচনায় আসেনি। এটি চুক্তিভুক্ত দেশগুলোর অভিপ্রায়ের ওপর নির্ভর করছে।
তিনি বলেন, চুক্তিভুক্ত দেশগুলো যদি বাংলাদেশকে এ প্যাক্টে যুক্ত করার বিষয়ে আগ্রহ প্রকাশ করে, তাহলে বাংলাদেশ বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করবে।
মক্কা প্যাক্টের ভালো-মন্দ নিয়ে আলোচনার সময় এখনো আসেনি বলেও মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ভবিষ্যতে এ ধরনের কোনো প্রস্তাব এলে বাংলাদেশ প্রয়োজনীয় সব দিক বিবেচনা করবে।
মক্কা প্যাক্টের উদ্দেশ্য সম্পর্কে খলিলুর রহমান বলেন, এটি বিশ্বমুসলিম সমাজের আত্মরক্ষার একটি ব্যবস্থা। এটি মুসলিম পরিবারের অভ্যন্তরীণ বিষয় উল্লেখ করে তিনি বলেন, এ নিয়ে অন্যদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।



