নেপালে আবারও বড় দুর্যোগের শঙ্কা, ‘দ্বিতীয়-তৃতীয় স্রোতের’ সতর্কতা
ডেল্টা আন্তর্জাতিক
প্রকাশিত: ৭:২৭ অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০২৬
নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসের পর নতুন করে আরও বড় দুর্যোগের আশঙ্কা দেখা দিয়েছে। আজ অথবা আগামীকাল ‘দ্বিতীয় ও তৃতীয় স্রোতের’ মতো আরও বড় ঢেউ বা বিপর্যয় ঘটতে পারে বলে সতর্ক করেছেন ত্রিভুবন বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ডিজাস্টার স্টাডিজের পরিচালক বসন্ত রাজ অধিকারী।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ সতর্কতার কথা জানান।
বসন্ত রাজ অধিকারী বলেন, পরিস্থিতি কোন দিকে যাবে, তা এখনো নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। তবে আজ অথবা আগামীকাল আরও বড় ধরনের ঢেউ বা দুর্যোগ দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে।
তিনি জানান, চীনে পরিস্থিতি পর্যবেক্ষণরত সহকর্মীদের সঙ্গে তারা নিয়মিত যোগাযোগ রাখছেন। বর্তমানে অতিরিক্ত ভারী বৃষ্টিপাত না থাকলেও নতুন করে ভূমিধসের ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা রয়েছে।
দুর্যোগ বিশেষজ্ঞ বলেন, হিমালয় অঞ্চলের বিভিন্ন প্রাকৃতিক ঝুঁকি তারা দীর্ঘদিন ধরে পর্যবেক্ষণ করে আসছেন। জলবায়ু পরিবর্তনের প্রভাবও এ অঞ্চলে ক্রমেই স্পষ্ট হচ্ছে। তবে ঠিক কোন দিন এ ধরনের ভয়াবহ দুর্যোগ ঘটবে, তা আগে থেকে নির্দিষ্টভাবে বলা সম্ভব নয়।
নেপালে সাম্প্রতিক বন্যা ও ভূমিধসে ব্যাপক প্রাণহানির পর সম্ভাব্য নতুন ভূমিধস ও আকস্মিক বন্যার ঝুঁকির বিষয়টি গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করা হচ্ছে।
মৃতের সংখ্যা বেড়ে ৩৫৯
এদিকে নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৫৯ জনে দাঁড়িয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত পুলিশের সর্বশেষ হিসাব অনুযায়ী এ তথ্য জানা গেছে।
এর মাত্র এক ঘণ্টা আগে নেপাল পুলিশ জানিয়েছিল, বন্যায় মৃতের সংখ্যা ৩৩২ জন। অর্থাৎ এক ঘণ্টার ব্যবধানে মৃতের সংখ্যা আরও ২৭ জন বেড়েছে।
পরিস্থিতি মোকাবিলায় উদ্ধার ও তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। নিখোঁজদের সন্ধানে বিভিন্ন এলাকায় কাজ করছেন উদ্ধারকর্মীরা। একই সঙ্গে নতুন করে দুর্যোগের আশঙ্কায় ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে সতর্কতা জোরদার করা হয়েছে।
সূত্র: বিবিসি



