আলজেরিয়ায় ভয়াবহ দাবানল, নিহত ১২
ডেল্টা আন্তর্জাতিক
প্রকাশিত: ৭:২৮ অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০২৬
আলজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে ভয়াবহ দাবানলে অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫৪ জন। দাবানল থেকে বাঁচতে ক্ষতিগ্রস্ত এলাকার কয়েক ডজন পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইদ সায়ুদ এ তথ্য জানান। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দাবানলে জিজেল প্রদেশে পাঁচজন, বেজাইয়া প্রদেশে চারজন এবং তিজি ওজু প্রদেশে তিনজন নিহত হয়েছেন।
এ ঘটনায় আহত ৫৪ জনকে বেজাইয়া প্রদেশের একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর। স্বরাষ্ট্রমন্ত্রী ওই হাসপাতাল পরিদর্শন করে আহতদের চিকিৎসার খোঁজ নেন।
১৫৪টি অগ্নিকাণ্ডের ঘটনা
সাইদ সায়ুদ বলেন, বুধবার আলজেরিয়ার সিভিল প্রোটেকশন দলগুলো মোট ১৫৪টি অগ্নিকাণ্ডের ঘটনা নথিভুক্ত করেছে। এর মধ্যে শুধু বেজাইয়া প্রদেশেই ৩৬টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এর মধ্যে ১৮টি আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
স্কিকদা, এল তারফ, বুইরা, তিজি ওজু ও তেবেসা প্রদেশের দাবানল নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে বেজাইয়ার আরও ১৮টি এলাকায় আগুন জ্বলছে। জিজেল প্রদেশের ১২টি পৌরসভাতেও আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন দমকলকর্মীরা।
আগুন থেকে বাঁচতে অনেক পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের প্রকাশিত ছবিতে দেখা গেছে, ঘন ধোঁয়ার মধ্যে বাসিন্দারা একটি পোস্ট অফিসে আশ্রয় নিয়েছেন।
তীব্র তাপপ্রবাহে বেড়েছে দাবানলের ঝুঁকি
আলজেরিয়া ও প্রতিবেশী তিউনিসিয়ায় বর্তমানে তীব্র তাপপ্রবাহ চলছে। গরম ও শুষ্ক আবহাওয়ার কারণে অঞ্চলটিতে দাবানলের ঝুঁকি বেড়েছে।
আলজেরিয়ায় প্রতিবছর গ্রীষ্মকালে বড় ধরনের দাবানল দেখা যায়। সাম্প্রতিক বছরগুলোতে তীব্র গরম, খরা ও প্রবল বাতাসের কারণে এসব দাবানল আরও ভয়াবহ হয়ে উঠছে।
সূত্র: আল জাজিরা



