বন্যার ক্ষতি কাটাতে নেপালের অর্থনীতির ১০ শতাংশ ব্যয়ের আশঙ্কা
ডেল্টা আন্তর্জাতিক
প্রকাশিত: ২:২১ অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০২৬
নেপালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনর্গঠনে ৪ থেকে ৫ বিলিয়ন ডলার প্রয়োজন হতে পারে বলে জানিয়েছেন দেশটির অর্থমন্ত্রী স্বর্ণিম ওয়াগলে। প্রাথমিক এই হিসাব অনুযায়ী, পুনর্গঠনে ব্যয় হতে পারে নেপালের অর্থনীতির প্রায় ১০ শতাংশের সমপরিমাণ অর্থ।
শনিবার (২৯ আগস্ট) রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান।
স্বর্ণিম ওয়াগলে বলেন, এটি এখন পর্যন্ত করা একটি প্রাথমিক হিসাব। বন্যায় প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে। তবে ২০১৫ সালের ভয়াবহ ভূমিকম্পের পর পুনর্গঠনে যে অর্থ প্রয়োজন হয়েছিল, এবার তার তুলনায় কম অর্থ লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বুধবার হিমবাহ ধসে হিমালয়ের পাহাড়ি নদীগুলোতে পাথর, বরফ, কাদা ও ধ্বংসাবশেষের বিশাল স্রোত নেমে আসে। এতে নেপাল ও চীনের তিব্বত অঞ্চলে ৬০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। এখনো দুই হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন।
প্রবল পানির স্রোতে সীমান্তবর্তী কয়েকটি শহর ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেসে গেছে সেতু ও সড়ক। ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েকটি বড় জলবিদ্যুৎকেন্দ্রও।
অর্থমন্ত্রী ব্যাখ্যা করেননি, কেন এবারের পুনর্গঠনে ২০১৫ সালের ভূমিকম্পের পর ব্যয় হওয়া ৯ বিলিয়ন ডলারের তুলনায় কম অর্থ প্রয়োজন হবে বলে ধারণা করা হচ্ছে।
২০১৫ সালের ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পটি ছিল নেপালের ইতিহাসের অন্যতম ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ। ওই ভূমিকম্পে প্রায় ৯ হাজার মানুষ নিহত হন এবং পাঁচ লাখের বেশি বাড়িঘর ধ্বংস হয়। এতে নেপালের অর্থনীতির প্রায় এক-তৃতীয়াংশের সমপরিমাণ ক্ষতি হয়েছিল।
এবারের বন্যা রেমিট্যান্স, পর্যটন ও জলবিদ্যুতের ওপর নির্ভরশীল নেপালের অর্থনীতিতে বড় ধরনের চাপ তৈরি করেছে। বিশেষ করে জলবিদ্যুৎ খাতে ক্ষয়ক্ষতির প্রভাব উল্লেখযোগ্য হতে পারে। দেশটির মোট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার ১২ শতাংশের বেশি সরবরাহকারী কয়েকটি প্রকল্প বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে।
ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব পাওয়ার পর পুনর্গঠনে প্রয়োজনীয় অর্থের পরিমাণ আরও স্পষ্ট হবে বলে ধারণা করা হচ্ছে।



