ইরান যুদ্ধের প্রভাব, চীন-রাশিয়ার বিরুদ্ধে দুর্বল হচ্ছে আমেরিকা

ডেল্টা আন্তর্জাতিক

ডেল্টা আন্তর্জাতিক

প্রকাশিত: ২:২৪ অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০২৬

ইরানের বিরুদ্ধে যুদ্ধে অত্যাধুনিক অস্ত্রের ব্যাপক ব্যবহারে আমেরিকার সামরিক অস্ত্রভান্ডার উল্লেখযোগ্যভাবে কমে গেছে। এতে চীন ও রাশিয়ার সম্ভাব্য হুমকি মোকাবিলায় দেশটির প্রতিরোধক্ষমতা সীমিত হয়ে পড়েছে বলে জানিয়েছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।

শুক্রবার (২৮ আগস্ট) প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, অস্ত্র ও সামরিক সরঞ্জামের ঘাটতি আমেরিকার সামরিক পরিকল্পনাকারীদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। সামরিক সম্পদের ওপর অতিরিক্ত চাপের কারণে ইউরোপজুড়ে আমেরিকার সামরিক কার্যক্রম পরিচালনাকারী ইউরোপীয় কমান্ডকে বিভিন্ন পরিকল্পনা পুনর্বিন্যাস করতে হয়েছে।

আমেরিকার কর্মকর্তাদের মূল্যায়ন অনুযায়ী, স্বল্পমেয়াদে তাইওয়ানকে রক্ষায় দেশটির জরুরি সামরিক পরিকল্পনা পুরোপুরি বাস্তবায়ন করা সম্ভব নাও হতে পারে। তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের অংশ বলে দাবি করে চীন।

এদিকে জাপান, দক্ষিণ কোরিয়া ও জার্মানি থেকে আকাশ প্রতিরক্ষা ইউনিট মধ্যপ্রাচ্যে সরিয়ে নেওয়ার কারণে আমেরিকার বৈশ্বিক সামরিক অবস্থানেও কিছুটা দুর্বলতা তৈরি হয়েছে। কর্মকর্তাদের মতে, এসব ঘাটতি পূরণ করতে কয়েক বছর পর্যন্ত সময় লাগতে পারে।

প্রতিবেদনটিতে বলা হয়েছে, ইউরোপে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার পিএসি-৩ ক্ষেপণাস্ত্র এবং এটিএসিএমএস ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের মজুত গুরুতর সংকটের নিচে নেমে গেছে বলে কয়েকজন আমেরিকান কর্মকর্তা জানিয়েছেন।

এ ছাড়া থাড ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা এবং ড্রোন প্রতিরোধী বিভিন্ন সরঞ্জাম মধ্যপ্রাচ্যে সরিয়ে নেওয়া হয়েছে। ফলে ইউরোপে আমেরিকার সামরিক সরঞ্জামের মজুত আরও কমেছে।

অস্ত্রভান্ডারে এই চাপের প্রভাব পড়েছে ইউক্রেনের ওপরও। রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত থাকলেও ইউক্রেনকে পশ্চিমা দেশগুলোর ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা সরবরাহের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে সীমিত হয়ে পড়েছে।

তবে হোয়াইট হাউস ও পেন্টাগন আমেরিকার অস্ত্র ও গোলাবারুদের সংকটের কথা আনুষ্ঠানিকভাবে অস্বীকার করে আসছে। ট্রাম্প প্রশাসনের দাবি, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্ধারিত লক্ষ্য পূরণের জন্য আমেরিকার সামরিক বাহিনীর হাতে এখনো পর্যাপ্ত সামরিক সম্পদ রয়েছে।

ইরান যুদ্ধে ব্যবহৃত অস্ত্র ও সামরিক সরঞ্জামের কারণে তৈরি হওয়া এই চাপ একই সঙ্গে ইউরোপ, ইউক্রেন এবং এশিয়ায় আমেরিকার সামরিক পরিকল্পনায় প্রভাব ফেলতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সংবাদ সূত্র: দ্য ওয়াল স্ট্রিট জার্নাল