‘এখতিয়ার নেই’ জানিয়ে হেগের ট্রাইব্যুনালের রায় প্রত্যাখ্যান ভারতের

ডেল্টা আন্তর্জাতিক

ডেল্টা আন্তর্জাতিক

প্রকাশিত: ৮:৪৩ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০২৬

সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে হেগের ট্রাইব্যুনালের দেওয়া রায় প্রত্যাখ্যান করেছে ভারত। নয়াদিল্লির দাবি, ভারতের সার্বভৌম সিদ্ধান্তের ওপর এই ট্রাইব্যুনালের কোনো এখতিয়ার নেই।

সোমবার (৩১ আগস্ট) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে হেগের এই ট্রাইব্যুনালকে ‘অবৈধভাবে গঠিত’ সংস্থা হিসেবে উল্লেখ করে। একই সঙ্গে ট্রাইব্যুনালের দেওয়া কোনো নির্দেশনা মানবে না বলেও জানিয়ে দিয়েছে দেশটি।

ভারতের এমন অবস্থানের কারণ হলো, ট্রাইব্যুনাল নয়াদিল্লিকে পাকিস্তানের সঙ্গে ১৯৬০ সালের সিন্ধু পানিবণ্টন চুক্তি বহাল রাখার আহ্বান জানিয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক বিরোধ নিষ্পত্তির অন্যতম পুরোনো স্থায়ী ফোরাম কোর্ট অব আরবিট্রেশন জানিয়েছে, ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু নদীর পানি বণ্টন নিয়ে করা চুক্তিটি এখনো কার্যকর রয়েছে। চুক্তি স্থগিত রাখার ভারতের কোনো বৈধ কারণ নেই বলেও মত দিয়েছে ট্রাইব্যুনাল।

১৯৬০ সালে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু পানিবণ্টন চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিটির আওতায় দুই দেশের মধ্যে সিন্ধু নদ ও এর উপনদীগুলোর পানি ব্যবহারের অধিকার ও ব্যবস্থাপনা নির্ধারণ করা হয়।

গত বছর ২২ এপ্রিল ভারতের জম্মু ও কাশ্মীরের পাহলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত চুক্তিটি স্থগিত করার ঘোষণা দেয়। নয়াদিল্লি তখন জানায়, পাকিস্তানের মাটি থেকে পরিচালিত আন্তসীমান্ত সন্ত্রাসী নেটওয়ার্কের বিরুদ্ধে যাচাইযোগ্য ও অপরিবর্তনীয় ব্যবস্থা না নেওয়া পর্যন্ত চুক্তি স্থগিত থাকবে।

সোমবার সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, শুরু থেকেই তারা এই তথাকথিত ট্রাইব্যুনালের কার্যকারিতা ও এখতিয়ার অস্বীকার করে আসছেন।

তিনি বলেন, বিশ্বব্যাংক চুক্তির মূল শর্তাবলি লঙ্ঘন করে এই ট্রাইব্যুনাল গঠন করেছে। ফলে এর কোনো রায় বা নির্দেশনা মানতে ভারত বাধ্য নয়।

ভারতের দাবি, চুক্তিতে বিরোধ নিষ্পত্তির জন্য নির্ধারিত তিন স্তরের কাঠামো রয়েছে। পাকিস্তান সেই কাঠামোর নিয়ম লঙ্ঘন করে সরাসরি ট্রাইব্যুনালের দ্বারস্থ হয়েছে। এ কারণে পুরো আইনি প্রক্রিয়াটিকেই বেআইনি বলে মনে করে নয়াদিল্লি।

সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে দীর্ঘদিনের বিরোধের মধ্যেই হেগের ট্রাইব্যুনালের এই রায় এবং ভারতের প্রত্যাখ্যান নতুন করে দুই দেশের মধ্যে পানি ও কূটনৈতিক উত্তেজনা বাড়াতে পারে।