অতীতে আটকে থাকলে উন্নয়ন হবে না: ভারতীয় হাইকমিশনার

ডেল্টা আন্তর্জাতিক

ডেল্টা আন্তর্জাতিক

প্রকাশিত: ৩:১৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০২৬

বাংলাদেশ-ভারত সম্পর্ককে অতীতের ঘটনাপ্রবাহে আটকে না রেখে ভবিষ্যতের দিকে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেছেন, দুই দেশের মধ্যে চ্যালেঞ্জ থাকবেই। তবে সেসব চ্যালেঞ্জ মোকাবিলা করে সামনে এগিয়ে যেতে হবে। অতীত ভুলে যাওয়া সম্ভব নয়, কিন্তু অতীতে আটকে থাকলে উন্নয়নের কাজ এগিয়ে নেওয়া সম্ভব নয়।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতের হাইকমিশনার। পরে সাক্ষাৎ নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

দীনেশ ত্রিবেদী বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে জনগণের সাথে জনগণের সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুই দেশের নেওয়া বিভিন্ন সিদ্ধান্তের প্রভাব সাধারণ মানুষের ওপর পড়ে। তাই সাধারণ মানুষের কল্যাণ নিশ্চিত করার দায়িত্ব দুই দেশেরই রয়েছে।

তিনি বলেন, ‘আমরা বলি, সীমান্তের সাথে আমরা স্বপ্নও শেয়ার করি। সেজন্য প্রতিবেশী হিসেবে দায়িত্ব বেড়ে যায়। আমরা সমান। কেউ বড় কিংবা ছোট নয়।’

বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে কোনো মন্তব্য করতে চান না জানিয়ে ভারতের হাইকমিশনার বলেন, দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে কী হচ্ছে, তা নিয়ে মন্তব্য করা তাঁর উচিত নয়। দেশের মানুষ ও সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে নির্বাচিত সরকার জনগণের জন্য কোনটি ভালো, তা ভালোভাবে বুঝবে বলেও মন্তব্য করেন তিনি।

দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে চ্যালেঞ্জের কথা উল্লেখ করে দীনেশ ত্রিবেদী বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক চ্যালেঞ্জ যেমন বিবেচনায় নিতে হবে, তেমনি ভারতের চ্যালেঞ্জও বুঝতে হবে। এসব চ্যালেঞ্জ মাথায় রেখেই দুই দেশকে সামনে এগিয়ে যেতে হবে।

অতীতের সম্পর্ক ও ঘটনাপ্রবাহ প্রসঙ্গে তিনি বলেন, ‘অতীত আমরা ভুলতে পারি না, কিন্তু অতীতে আটকে যাওয়ারও কোনো জায়গা নেই। অতীতে আটকে গেলে উন্নয়নের কাজ হবে না।’

বৈঠকে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি। কীভাবে বাংলাদেশ ও ভারত মুক্ত বাণিজ্যের দিকে এগিয়ে যেতে পারে, তা নিয়েও আলোচনা হয়েছে।

দীনেশ ত্রিবেদী বলেন, অতীত ভুলে যাওয়া সম্ভব নয়। তবে অতীতে আটকে থাকলে উন্নয়ন হবে না। কীভাবে দুই দেশের মধ্যে মুক্ত বাণিজ্য বাড়ানো যায়, সে বিষয়ে আলোচনা হয়েছে। চ্যালেঞ্জ থাকবে, তবে এসব বাধা অতিক্রম করেই দুই দেশের সম্পর্ক এগিয়ে নেওয়ার চেষ্টা থাকবে।

এ ছাড়া বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিনি দলটির নেতাকর্মী ও সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন বলেও জানান।