নেপাল-চীনে ভয়াবহ বন্যা-ভূমিধস, মৃতের সংখ্যা ছাড়াল ১ হাজার
ডেল্টা আন্তর্জাতিক
প্রকাশিত: ৩:২৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০২৬
নেপাল ও চীনে ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা ১ হাজার ছাড়িয়েছে। দুর্গম ও যোগাযোগ বিচ্ছিন্ন এলাকাগুলোতে এখনো হাজারো মানুষ নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে হেলিকপ্টারসহ বিভিন্ন মাধ্যমে ব্যাপক অভিযান চালাচ্ছেন উদ্ধারকারীরা।
নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটিতে এখন পর্যন্ত ৯৮৭ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে। নিখোঁজ রয়েছেন ৩ হাজার ৯১৬ জন। নিখোঁজদের মধ্যে ৫৮৩ জন বিদেশি নাগরিক।
অন্যদিকে, চীনা কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটিতে বন্যায় অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও ৫৪৬ জন। তাদের মধ্যে ২৬১ জন বিদেশি নাগরিক।
নেপালে এখন পর্যন্ত অন্তত ১১ হাজার ৮১৪ জনকে উদ্ধার করা হয়েছে। তবে বন্যা ও ভূমিধসে বহু সড়ক ও সেতু ধ্বংস হওয়ায় দুর্গত অনেক এলাকার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফলে উদ্ধারকারী দলগুলো হেলিকপ্টার ও অন্যান্য বিমান ব্যবহার করে দুর্গত এলাকায় পৌঁছানোর চেষ্টা করছে।
গত ২৬ আগস্ট হিমালয়ের উচ্চভূমিতে একের পর এক প্রাকৃতিক দুর্যোগের মধ্য দিয়ে এই বিপর্যয়ের সূত্রপাত হয়। একটি হিমবাহ ধসে বিপুল পরিমাণ পাথর, বরফ ও গলিত পানি নিচের উপত্যকায় নেমে আসে। এতে ভাটির দিকে আকস্মিক ও ভয়াবহ বন্যা দেখা দেয়।
বিজ্ঞানীদের স্যাটেলাইট ছবি বিশ্লেষণে ধারণা করা হচ্ছে, হিমালয়ের একটি হিমবাহের নিচের শিলাস্তর ধসে পড়ার কারণেই এই বিপর্যয়ের শুরু। ধসটি এতটাই শক্তিশালী ছিল যে এর কম্পন ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্পের মতো রেকর্ড করা হয়।
এরপর হিমবাহ, পাথর, বরফ ও মাটি মিশে প্রবল স্রোত ও ধ্বংসাবশেষের ঢল তৈরি হয়। সেই স্রোত তিব্বত ও নেপালের উপত্যকার নদীগুলোতে গিয়ে পড়ায় দ্রুত পানি বেড়ে ভয়াবহ বন্যা সৃষ্টি হয়। পানির সাথে কাদা, পাথর ও ধ্বংসাবশেষ ভাটির দিকে ছুটে গিয়ে বাড়িঘর, ভবন, সড়ক ও সেতু ধ্বংস করে।
৯০০ শ্রমিক এখনো নিখোঁজ
উদ্ধারকারীদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত ১২টি জলবিদ্যুৎ প্রকল্পের প্রায় ৯০০ নিখোঁজ শ্রমিককে খুঁজে বের করা। ধারণা করা হচ্ছে, তাদের মধ্যে প্রায় ৫০০ জন টানেলের ভেতরে আটকা পড়েছেন।
নেপালের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রাজা রাম বাসনেট জানিয়েছেন, বিদেশি বিশেষজ্ঞদের সহায়তায় কয়েকটি জলবিদ্যুৎ প্রকল্পের ধসে পড়া ও বন্ধ হয়ে যাওয়া টানেলে উদ্ধার অভিযান চালানো হচ্ছে।
সেনাবাহিনীর প্রকাশ করা ভিডিওতে দেখা গেছে, উদ্ধারকারীরা অন্ধকার ও ধ্বংসাবশেষে ভরা টানেলের ভেতর প্রবেশ করছেন। কাদা ও পানির মধ্য দিয়ে এগিয়ে তারা জীবিত মানুষের সন্ধান করছেন।
এদিকে তিব্বত সীমান্তের কাছে তিমুর শহরেও ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে। উদ্ধারকারীরা সেখানে ধ্বংসস্তূপ সরিয়ে জীবিতদের সন্ধান করছেন।
চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস জানিয়েছে, কিছু উদ্ধারকারী প্রশিক্ষিত অনুসন্ধানী কুকুর ব্যবহার করে পাথর ও ধ্বংসস্তূপের নিচে জীবিত মানুষের কোনো চিহ্ন রয়েছে কি না, তা খুঁজছেন।
অন্য একটি উদ্ধারকারী দল ভারী যন্ত্রপাতি ব্যবহার করে জিরং বন্দরের দিকে যাওয়ার প্রধান মহাসড়কটি সচল করার চেষ্টা করছে। সড়কটি চালু করা সম্ভব হলে দুর্গত এলাকায় দ্রুত উদ্ধারকর্মী, ত্রাণ ও প্রয়োজনীয় সরঞ্জাম পৌঁছানো সহজ হবে।
এখনো নেপাল ও চীনের বিভিন্ন এলাকায় নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। যোগাযোগব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ায় দুর্গত মানুষের কাছে সহায়তা পৌঁছানোও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।



