থাইল্যান্ডে মার্কিন রণতরী, যৌনকর্মীদের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান
ডেল্টা আন্তর্জাতিক
প্রকাশিত: ৩:২৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০২৬
মধ্যপ্রাচ্যে দীর্ঘ সামরিক অভিযান ও ২০০ দিনের বেশি সমুদ্রযাত্রা শেষে বিশ্রামের জন্য থাইল্যান্ডের পাতায়ায় আসছে মার্কিন নৌবাহিনীর বিমানবাহী রণতরী ‘ইউএসএস আব্রাহাম লিংকন’। প্রায় ৫ হাজার মার্কিন সেনা ও মেরিন সদস্যের আগমনকে কেন্দ্র করে স্থানীয় ব্যবসায়ীরা অর্থনৈতিক লাভের আশা করলেও দেহব্যবসা ও যৌন শোষণ ঠেকাতে আগেই কঠোর অবস্থান নিয়েছে থাই প্রশাসন।
রয়টার্সের প্রতিবেদনের বরাত দিয়ে জানা গেছে, বুধবার দুটি সহযোগী যুদ্ধজাহাজসহ রণতরীটি লায়েম চাবাং বন্দরে নোঙর করার কথা রয়েছে। মার্কিন সেনাদের আগমন ঘিরে পাতায়ার সৈকত ও রাতের বিনোদনকেন্দ্রগুলোতে পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে।
সপ্তাহান্তে বিশেষ অভিযান চালিয়ে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার সন্দেহে ৪০ থেকে ৫০ জনকে আটক করেছে পুলিশ। পাতায়া পুলিশ প্রধান আনেক শ্রাথোংইউ বলেন, প্রকাশ্যে চলা এ ধরনের কর্মকাণ্ড পুরোপুরি বন্ধ করা কঠিন হলেও তা নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।
থাইল্যান্ডে দেহব্যবসা আইনত নিষিদ্ধ। তবে ব্যাংকক ও পাতায়ার মতো পর্যটনকেন্দ্রে দীর্ঘদিন ধরেই এটি অনেকটা প্রকাশ্যেই চলে আসছে।
গত বছরের নভেম্বরে সান ডিয়েগো থেকে যাত্রা শুরু করা ইউএসএস আব্রাহাম লিংকনকে ইরান-ইসরায়েল ও আমেরিকার সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে মোতায়েন করা হয়েছিল। দীর্ঘ সময় সমুদ্রে অবস্থানের কারণে রণতরীটির সেনাসদস্যদের মানসিক চাপ ও মনোবল নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।
এদিকে মার্কিন সেনাদের আগমনকে কেন্দ্র করে পাতায়ার ব্যবসায়ীরা অর্থনৈতিক লাভের আশা করছেন। পাতায়ার মেয়র পোরামাসে এনগামপিচেসের মতে, একজন মার্কিন সেনা দৈনিক ১ হাজার থেকে ৩ হাজার বাথ পর্যন্ত খরচ করতে পারেন। ফলে অল্প সময়ে স্থানীয় অর্থনীতিতে উল্লেখযোগ্য গতি আসতে পারে।
তবে বিপুলসংখ্যক বিদেশি সেনার আগমনকে ঘিরে স্বাস্থ্য ও নিরাপত্তা ঝুঁকি নিয়েও উদ্বেগ রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, একসাথে বিপুলসংখ্যক পর্যটক ও সেনাসদস্যের উপস্থিতিতে যৌন শোষণ এবং যৌনবাহিত রোগের ঝুঁকি বাড়তে পারে। পাশাপাশি দীর্ঘ সামরিক দায়িত্বের কারণে সেনাদের মানসিক চাপের বিষয়টিও নতুন উদ্বেগ তৈরি করেছে।



