৩ দেশের কাছে জলবায়ু ক্ষতিপূরণ চায় নেপাল
ডেল্টা আন্তর্জাতিক
প্রকাশিত: ৭:৫০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২৬
হিমালয় অঞ্চলে ভয়াবহ আকস্মিক বন্যায় ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পর আমেরিকা, ভারত ও চীনের কাছে ‘জলবায়ুজনিত ক্ষতিপূরণ’ দাবি করছে নেপাল। বিশ্বের প্রধান গ্রিনহাউস গ্যাস নিঃসরণকারী দেশ হিসেবে এসব দেশকে দায়ী করে নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল বলেছেন, জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতির দায় তাদের নিতে হবে।
এক সপ্তাহ আগে ভোতেকোশি নদীতে ভয়াবহ আকস্মিক বন্যায় নেপালের অন্তত তিনটি জেলার গ্রাম প্লাবিত ও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। উচ্চভূমিতে হিমবাহ ধসে বিপুল পরিমাণ বরফশীতল পানি, পাথর ও ধ্বংসাবশেষের স্রোত তিব্বত-নেপাল সীমান্ত থেকে নেমে এসে এই বিপর্যয় সৃষ্টি করে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, এখন পর্যন্ত উদ্ধারকারী দল ১ হাজার ১০০টির বেশি মরদেহ উদ্ধার করেছে। তবে প্রায় ৪ হাজার ৫০০ মানুষ এখনো নিখোঁজ রয়েছেন।
সহায়তা নয়, জবাবদিহি চায় নেপাল
বন্যার পর আন্তর্জাতিক আর্থিক সহায়তা চেয়ে কূটনৈতিক তৎপরতা শুরু করেছে নেপাল। তবে দেশটির পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল বলেছেন, দুর্যোগ-পরবর্তী সহায়তাকে ‘দয়া’ হিসেবে নয়, বরং ‘নৈতিক দায়বদ্ধতা’ হিসেবে বিবেচনা করা উচিত।
স্থানীয় একটি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, বৈশ্বিক উষ্ণায়নে নেপালের গ্রিনহাউস গ্যাস নিঃসরণ প্রায় নগণ্য হলেও জলবায়ু পরিবর্তনের অসম প্রভাব দেশটিকেই বহন করতে হচ্ছে। দ্রুত হিমবাহ গলে যাওয়া ও ভয়াবহ পাহাড়ি দুর্যোগ এর অন্যতম উদাহরণ।
খানাল বলেন, ‘আমরা এমন একটি বৈশ্বিক সংকটের চরম মূল্য দিচ্ছি, যে সংকট আমরা তৈরি করিনি। হিমবাহের দ্রুত গলে যাওয়া এবং এসব ভয়াবহ পাহাড়ি সুনামি বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের সরাসরি পরিণতি।’
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নেপাল তার কূটনৈতিক অবস্থান ‘সহায়তা’ থেকে ‘ন্যায়বিচার ও ক্ষতিপূরণ’-এর দিকে নিয়ে যাচ্ছে বলেও জানান তিনি। তাঁর ভাষায়, এটি দয়ার বিষয় নয়; বরং আইনি ও নৈতিক দায়বদ্ধতার বিষয়।
নেপালের পররাষ্ট্রমন্ত্রী চীনকে বিশ্বের সর্বোচ্চ, আমেরিকাকে দ্বিতীয় এবং ভারতকে তৃতীয় বৃহত্তম গ্রিনহাউস গ্যাস নিঃসরণকারী দেশ হিসেবে উল্লেখ করেন। তাঁর মতে, এসব দেশের ঐতিহাসিক দায় রয়েছে এবং জলবায়ু ঝুঁকিতে থাকা নেপালের মতো দেশগুলোকে ক্ষতিপূরণ দেওয়া উচিত।
তিনি আরও বলেন, হিমালয়ের হিমবাহগুলো দ্রুত বিলীন হয়ে গেলে গঙ্গা ও ত্রিশূলীর মতো নদীর ওপর নির্ভরশীল দক্ষিণ এশিয়ার ২০০ কোটিরও বেশি মানুষের পানির নিরাপত্তা স্থায়ীভাবে হুমকির মুখে পড়বে।
নেপাল শুধু নিজেদের জন্য নয়, পুরো দক্ষিণ এশিয়ার মানুষের পানির নিরাপত্তা ও সভ্যতার অস্তিত্ব রক্ষার জন্যই এই ক্ষতিপূরণের দাবি জানাচ্ছে বলে উল্লেখ করেন খানাল।



