জার্মানিতে ড্রোন হামলা, রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞার প্রস্তুতি
ডেল্টা আন্তর্জাতিক
প্রকাশিত: ৬:৪৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০২৬
জার্মানিতে ড্রোন হামলার ঘটনার পর রাশিয়ার কূটনীতিকদের তলব করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও এর কয়েকটি সদস্য দেশ। একই সঙ্গে রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপের বিষয়েও আলোচনা করেছেন ইইউর পররাষ্ট্রমন্ত্রীরা।
ইইউর পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান কাজা কালাস বলেছেন, জার্মানির লাইপজিগ বিমানবন্দরে ড্রোন হামলার ঘটনায় ‘রাষ্ট্রীয় মদদপুষ্ট সন্ত্রাসবাদের’ বৈশিষ্ট্য রয়েছে। আয়ারল্যান্ডে ইইউর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে তিনি বলেন, ‘এটি রাষ্ট্রীয় মদদপুষ্ট সন্ত্রাসবাদের সব বৈশিষ্ট্য বহন করছে। এখন প্রশ্ন হলো, আমরা এর বিরুদ্ধে কী করব?’
কালাস জানান, ইইউ রাশিয়ার দূতকে তলব করেছে। একইভাবে সদস্য দেশগুলোও নিজ নিজ দেশে রুশ কূটনীতিকদের তলব করছে।
ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল বারো বলেন, ‘এত গুরুতর একটি ঘটনা শাস্তি ছাড়া যেতে দেওয়া হবে না।’ তিনি জানান, প্যারিসে রাশিয়ার দূতকে তলব করা হয়েছে।
জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ওয়াডেফুল বলেন, রাশিয়া পরিস্থিতি আরও উত্তপ্ত করেছে এবং এর পরিণতি মস্কোকে ভোগ করতে হবে।
ইইউ কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লায়েন লাইপজিগের ঘটনাকে ইউরোপে ‘নতুন মাত্রার উত্তেজনা’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়নের ভূখণ্ডে সামরিক মানের সরঞ্জাম ব্যবহার করে রুশ এজেন্টদের হামলা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।
পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী রাদোস্লাভ সিকোরস্কি বলেন, ইউরোপ রাশিয়ার সাথে সংঘাত চায় না। তবে তাঁর মতে, রাশিয়া ইউরোপের বিরুদ্ধে হাইব্রিড যুদ্ধে জড়িয়ে পড়েছে। ফলে ইউরোপ এখন আর স্বাভাবিক শান্তিকালীন পরিস্থিতিতে নেই।
এদিকে ইইউর পররাষ্ট্রমন্ত্রীরা রাশিয়ার সামরিক শিল্পের সাথে যুক্ত প্রায় এক হাজার ৬০০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব নিয়ে কাজ চালিয়ে যাওয়ার বিষয়ে একমত হয়েছেন। আগামী মাসে এসব নিষেধাজ্ঞা অনুমোদনের লক্ষ্য রয়েছে।
কালাস বলেন, ‘ইউরোপজুড়ে রাশিয়ার কথিত এ ধরনের হাইব্রিড হামলা যেসব দেশকে আরও কঠোর অবস্থান নেওয়ার প্রয়োজনীয়তার কথা মনে করিয়ে দিচ্ছে, সেগুলোকে সতর্কবার্তা হিসেবে দেখা উচিত।’



