ইরানে বিয়ের অনুষ্ঠানে ‘গ্লাইড বোমা’ ব্যবহার করেছে আমেরিকা?
ডেল্টা আন্তর্জাতিক
প্রকাশিত: ৬:৪৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০২৬
ইরানের দক্ষিণাঞ্চলে একটি বিয়ের অনুষ্ঠানে আমেরিকার হামলায় চার বছর বয়সী এক শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭০ জনের বেশি। হামলায় আমেরিকার তৈরি এজিএম-১৫৪ জয়েন্ট স্ট্যান্ড-অফ ওয়েপন (জেএসওডব্লিউ) নামের গাইডেড-গ্লাইড অস্ত্র ব্যবহার করা হয়ে থাকতে পারে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। তবে বিষয়টি স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।
রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির বরাতে আলজাজিরা জানিয়েছে, হামলার শিকার একটি বাড়ি থেকে উদ্ধার হওয়া ধ্বংসাবশেষ বিশ্লেষণ করে সেগুলো জেএসওডব্লিউয়ের অংশ বলে ধারণা করা হচ্ছে। তবে অস্ত্রটির ধরন নিয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
গাইডেড-গ্লাইড অস্ত্র বা গ্লাইড বোমা হলো আকাশ থেকে নিক্ষেপযোগ্য নির্ভুল-নির্দেশিত সামরিক অস্ত্র। সাধারণত এসব অস্ত্রে নিজস্ব ইঞ্জিন বা প্রপালশন ব্যবস্থা থাকে না। তবে বায়ুগতিশীল নকশার কারণে এগুলো নিক্ষেপের পর দীর্ঘ দূরত্ব অতিক্রম করতে পারে।
দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের সিরিক কাউন্টির কুহেস্তাকে ওই হামলায় চার বছর বয়সী আমিরআলিসহ পাঁচজন নিহত হয়েছেন। ইরানি কর্তৃপক্ষের দাবি, হামলায় ৭০ জনের বেশি মানুষ আহত হয়েছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ ইরানে হামলার বিষয়ে আমেরিকার সেন্ট্রাল কমান্ড প্রকাশিত ছবিতে এফ/এ-১৮ সুপার হর্নেট যুদ্ধবিমানকে একই ধরনের একটি অস্ত্র বহন করতে দেখা গেছে।
হামলার লক্ষ্যবস্তু বাড়িটি একটি যোগাযোগ টাওয়ার থেকে প্রায় ২০০ মিটার দূরে ছিল। ব্যবহৃত অস্ত্রের নির্ভুলতা বিবেচনায় হামলাটি ভুলবশত হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
এর আগে আন্তর্জাতিক গণমাধ্যমের বিভিন্ন প্রতিবেদনে ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া ধ্বংসাবশেষকে আমেরিকার তৈরি নির্ভুল-নির্দেশিত অস্ত্রের অংশ হিসেবে শনাক্ত করার কথা বলা হয়েছিল। তবে ঠিক কোন অস্ত্র ব্যবহার করা হয়েছিল, তা নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে মতভেদ রয়েছে।



