আমেরিকার হামলার জবাব, কুয়েত-আমিরাতে পাল্টা হামলা ইরানের

ডেল্টা আন্তর্জাতিক

ডেল্টা আন্তর্জাতিক

প্রকাশিত: ৬:৪৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০২৬

ইরাক ও সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। ইরানি সেনাবাহিনীর ভাষ্য, এসব হামলায় স্যাটেলাইট যোগাযোগব্যবস্থা, সরঞ্জাম সংরক্ষণাগার, যুদ্ধবিমান রাখার হ্যাঙ্গার, সেনা অবস্থান ও রাডার ব্যবস্থা লক্ষ্যবস্তু করা হয়েছে।

বৃহস্পতিবার ভোরে ‘সায়েকেহ বা বজ্রপাত’ অভিযানের ৩১তম ধাপে এসব হামলা চালানো হয় বলে জানিয়েছে ইরানি সেনাবাহিনী। দেশটির বেসামরিক নাগরিক ও সামরিক সদস্যদের নিহত হওয়ার ঘটনায় আমেরিকার ‘উসকানিহীন আগ্রাসনের’ জবাবে এসব হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে তারা।

এক বিবৃতিতে ইরানি সেনাবাহিনী জানায়, ক্ষেপণাস্ত্র ও হামলাকারী ড্রোন দিয়ে কুয়েতে মার্কিন নিয়ন্ত্রিত আহমেদ আল-জাবের বিমানঘাঁটিতে হামলা চালানো হয়। এতে যোগাযোগব্যবস্থা ও যুদ্ধবিমান রাখার হ্যাঙ্গার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়েছে।

ইরানি সেনাবাহিনীর বিবৃতিতে আহমেদ আল-জাবের বিমানঘাঁটিকে পশ্চিম এশিয়ায় আমেরিকান বাহিনীর গুরুত্বপূর্ণ রসদ ও সহায়তা কেন্দ্র হিসেবে উল্লেখ করা হয়েছে। ঘাঁটিটি ওই অঞ্চলে আমেরিকার বিমান অভিযান ও নজরদারি কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলেও দাবি করা হয়েছে।

এ ছাড়া ইউএইর আল মিনহাদ বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে সেনা মোতায়েনের এলাকা এবং রাডার ব্যবস্থা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়। ইরানের দাবি, ঘাঁটিটি বিদেশি বাহিনীর বিমান সহায়তা ও পরিবহনের গুরুত্বপূর্ণ কেন্দ্র।

এর আগে দক্ষিণ ইরানের কয়েকটি শহরে আমেরিকার নতুন দফা হামলার পর ইরানের পক্ষ থেকে পাল্টা হামলার ঘোষণা আসে। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এসব হামলায় অন্তত ১৮ জন নিহত এবং ১৪২ জন আহত হয়েছেন।

হামলার মধ্যে হরমোজগান প্রদেশের সিরিক কাউন্টির কুহেস্তাকে একটি আবাসিক বাড়িতে আমেরিকার হামলার ঘটনাও রয়েছে। ওই বাড়িতে একটি বিয়ের অনুষ্ঠান চলছিল বলে জানানো হয়েছে। ইরানি কর্তৃপক্ষের দাবি, হামলায় চার বছর বয়সী এক শিশুসহ পাঁচ বেসামরিক নাগরিক নিহত এবং ৭০ জনের বেশি আহত হয়েছেন।

আমেরিকার বাহিনীর যেকোনো হামলার কঠোর জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানি সেনাবাহিনী। এক বিবৃতিতে তারা বলেছে, আমেরিকার যেকোনো হামলার জবাবে তাদের প্রতিক্রিয়া কঠোর ও ধ্বংসাত্মক হবে এবং ‘চূড়ান্ত বিজয়’ না হওয়া পর্যন্ত তা অব্যাহত থাকবে।