এভারেস্টে পর্বতারোহীদের মূত্রেও গলছে বরফ, বলছে গবেষণা
ডেল্টা আন্তর্জাতিক
প্রকাশিত: ৬:১০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০২৬
মাউন্ট এভারেস্টের বেস ক্যাম্পে ব্যবহৃত জ্বালানির তাপ এবং বরফের ওপর সরাসরি ফেলে দেওয়া মূত্রের তাপের কারণে প্রতিবছর প্রায় আড়াই হাজার টন বরফ ও তুষার গলে যাচ্ছে। আন্তর্জাতিক গবেষকদের এক যৌথ গবেষণায় হিমালয়ের পরিবেশ নিয়ে এমন উদ্বেগজনক তথ্য উঠে এসেছে।
পরিবেশবিষয়ক গবেষণাপত্র ‘রিজিওনাল এনভায়রনমেন্টাল চেঞ্জ’-এ প্রকাশিত গবেষণার ফলাফলের বরাত দিয়ে সম্প্রতি এ প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্ট।
নেপালের অংশে এভারেস্টের বিখ্যাত খুম্বু হিমবাহের ওপর গড়ে ওঠা বেস ক্যাম্পকে কেন্দ্র করে গবেষণাটি চালানো হয়। প্রতি বসন্তে পর্বতারোহী, গাইড ও সহযোগী কর্মীদের আগমনে নির্জন এই বরফের পথ মুখর হয়ে ওঠে অস্থায়ী এক পর্যটন গ্রামে। ইন্টারনেট, গরম পানির ব্যবস্থা, উত্তপ্ত তাবু ও ক্যাফেটেরিয়ার মতো আধুনিক সুবিধা দিতে গিয়ে হিমবাহের ওপর পড়ছে পরিবেশগত প্রভাব।
গবেষণায় দেখা যায়, ২০২৩ সালের ৫০ দিনের বসন্ত মৌসুমে বেস ক্যাম্পের প্রায় ১ হাজার ৬০০টি তাবুর জ্বালানি চাহিদা মেটাতে ৮২৪ ক্যানিস্টার এলপিজি গ্যাস, ১৮ হাজার ৯৩৫ লিটার কেরোসিন এবং ৫ হাজার ১৩০ লিটার পেট্রোল ব্যবহার করা হয়েছে।
রান্নাবান্না, তাবু গরম রাখা ও বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত এই জ্বালানির তাপের সঙ্গে মানুষের শরীরের বর্জ্য থেকে উৎপন্ন তাপও যুক্ত হয়। সব মিলিয়ে নির্গত হয় প্রায় ৮ লাখ ৪৯ হাজার ১৭৪ মেগাজুল শক্তি, যা আনুমানিক ২ হাজার ৪৯২ টন বরফ গলিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। হিসাবের ত্রুটি বিবেচনায় নিলে বরফ গলার এই পরিমাণ ১ হাজার ৯৬৪ থেকে ৩ হাজার ২০ টনের মধ্যে হতে পারে।
গলে যাওয়া এই পানির পরিমাণ দিয়ে একটি অলিম্পিক আকারের সুইমিং পুল, ৮৩টি তেলের ট্যাংকার অথবা প্রায় ১৬ হাজার ৭০০টি সাধারণ বাথটাব পূর্ণ করা সম্ভব।
গবেষণায় আরও বলা হয়েছে, বরফ গলার পেছনে মানব মূত্রের তাপও ভূমিকা রাখছে। উচ্চতাজনিত পানিশূন্যতা এড়াতে পর্বতারোহী ও গাইডরা প্রচুর পানি পান করেন। ফলে প্রতিদিন গড়ে প্রায় ৬ হাজার লিটার মূত্র ত্যাগ করা হয়। এই তরল বর্জ্য সরাসরি হিমবাহের ওপর ফেলে দেওয়ায় এর তাপের কারণে এক মৌসুমে প্রায় ১৫৪ টন বরফ গলে যেতে পারে।
১৯৯১ থেকে ২০২৩ সাল পর্যন্ত পাওয়া স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে দেখা গেছে, এভারেস্ট বেস ক্যাম্প এলাকার ভূপৃষ্ঠের তাপমাত্রা প্রতিবছর গড়ে ০.২৮ ডিগ্রি সেলসিয়াস করে বাড়ছে। এই হার আশপাশের খুম্বু হিমবাহের সার্বিক তাপমাত্রা বৃদ্ধির প্রায় দ্বিগুণ।
নেপালের ভূমি ব্যবস্থাপনা বিভাগের জ্যেষ্ঠ জরিপকারী কিম লাল গৌতমের নেতৃত্বাধীন গবেষক দলটি জানিয়েছে, হেলিকপ্টার উড্ডয়ন, পোর্টার বা ইয়াকের দেহের তাপ এবং মানুষের শারীরিক তাপমাত্রা হিসাব করলে ক্ষয়ের প্রকৃত চিত্র আরও ভয়াবহ হতে পারে।
বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনই এভারেস্টের বরফ গলার মূল কারণ। তবে দিন দিন গলতে থাকা একটি স্পর্শকাতর হিমবাহের ওপর হাজার হাজার মানুষের এমন জমায়েতও ঝুঁকি বাড়াচ্ছে বলে সতর্ক করেছেন বিজ্ঞানীরা।
জলবায়ু বিপর্যয় মোকাবিলা ও পরিবেশ রক্ষায় দীর্ঘমেয়াদি পদক্ষেপ হিসেবে বেস ক্যাম্পটি হিমবাহ থেকে সরিয়ে কাছাকাছি কোনো স্থায়ী ও নিরাপদ স্থানে স্থানান্তরের জোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।



