স্বাস্থ্য খাতে ৪২ হাজার ৩৯০ জনবল নিয়োগ দেবে সরকার

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬:১১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০২৬

স্বাস্থ্য খাতে সাত হাজার নার্সসহ মোট ৪২ হাজার ৩৯০ জনবল নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। নিয়োগের ক্ষেত্রে ৮০ শতাংশ পদে নারীদের অগ্রাধিকার দেওয়া হবে বলেও জানান তিনি।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সিলেট সফরে এসে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির উপস্থিত ছিলেন।

চিকিৎসাসেবা আরও কার্যকর করতে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগ তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ছয় হাজার চিকিৎসক নিচ্ছি। এক হাজারের ইন্টারভিউ হয়েছে। আরও পাঁচ হাজার আমরা জনপ্রশাসন থেকে নেব।’

তিনি বলেন, ‘আমরা স্বাস্থ্য খাতে ৪২ হাজার ৩৯০ জন মিডওয়াইফারি নিচ্ছি। যাদের ৮০ শতাংশ নারী।’

সরকারি হাসপাতালগুলোকে দালালমুক্ত করার উদ্যোগের কথা জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এই হাসপাতালগুলোসহ দেশের প্রত্যেকটা হাসপাতালে দালালমুক্ত করার চেষ্টা করছি আমরা। এটা দুর্ভাগ্যজনক সত্য যে একটা শ্রেণি আমাদের রোগীদের ভুল কথা বলে বিভিন্ন ক্লিনিকে নিয়ে যায়।’

তিনি বলেন, ‘এই দালালদের ধরার জন্য আমাদের র‌্যাব, ডিজিএফআই একযোগে কাজ করছে। বহু হাসপাতালে হানা দিয়েছে। তাদের গ্রেপ্তারে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।’

অবৈধ ক্লিনিক ও ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে চলমান অভিযান সম্পর্কে মন্ত্রী বলেন, ‘জেলাগুলোতে ডিসি ও সিভিল সার্জনদের মাধ্যমে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা হচ্ছে। জরিমানা করা হচ্ছে এবং ক্লিনিক সিলগালা করা হচ্ছে। যেখানে অবৈধ চিকিৎসক ও ভুয়া সার্টিফিকেটধারী টেকনিশিয়ান দিয়ে অপারেশন করা হয়, সব আমরা সিলগালা করছি। আমি নিজে তালিকা নিয়ে অভিযান পরিচালনা করছি।’

তিনি বলেন, ‘একটু সময় তো আমাদের দেবেন, ছয়টা মাস।’

সরকারি হাসপাতালে চিকিৎসকদের উপস্থিতি, সেবার মান ও পরিষ্কার-পরিচ্ছন্নতা পর্যবেক্ষণ করা হচ্ছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘গত এক মাসে আমি দেশের ২৫টির বেশি হাসপাতাল ঘুরে অধিকাংশ স্থানে চিকিৎসকদের উপস্থিতি সন্তোষজনক পেয়েছি।’

মন্ত্রী বলেন, ‘রোগীরাও বলছেন, এখন চিকিৎসার মান ও পরিবেশ উন্নত হয়েছে। খাবারের মানও ভালো হয়েছে। এখানের (ওসমানী হাসপাতালের) কী অবস্থা আমি জানি না। যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে ছয় মাসের মধ্যে সমাধান হবে।’

দেশের স্বাস্থ্য খাতে জনবল সংকটের চিত্র তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে প্রতি ১১ হাজার থেকে ১২ হাজার মানুষের বিপরীতে মাত্র একজন ডাক্তার বা নার্স নিয়োজিত রয়েছেন। এই সীমিত জনবল নিয়েই স্বাস্থ্যকর্মীরা দিন-রাত বিরামহীনভাবে রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন।’

সিলেটে শিশু হাসপাতাল করার আশ্বাস দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর ওপর নির্ভর করে, আল্লাহর ওপর ভরসা করে বলে যাই—শিশু হাসপাতাল ইনশাআল্লাহ সিলেটে হবে।’