দেশে নতুন ফ্যাসিবাদের পদধ্বনি শুরু হয়েছে: শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬:৫৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০২৬

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমরা অনেক অপেক্ষার পর রাস্তায় নেমেছি। আমরা দেখতে পাচ্ছি, দেশে নতুন করে ফ্যাসিবাদের পদধ্বনি শুরু হয়েছে।’

ছয় দফা দাবি বাস্তবায়নের দাবিতে ঢাকা-চট্টগ্রাম লং মার্চের যাত্রাপথে শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে ফেনীর মহিপালে পথসভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

জামায়াতের আমির বলেন, ‘নিরাপদ বাংলাদেশ গড়তে চাই। আমরা তরুণদের জন্য নিরাপদ ভবিষ্যৎ রেখে যেতে চাই। বিরোধী দলের দায়িত্ব হচ্ছে, যেখানে জনগণের অধিকার নিয়ে টান দেওয়া হবে, সেখানে গর্জন করা, বাধা দেওয়া ও প্রতিবাদ করা। এমনকি প্রয়োজন হলে প্রতিরোধ গড়ে তোলা হবে।’

বিরোধীদলীয় নেতা বলেন, ‘সরকারের মন্ত্রীরা সংসদে দাঁড়িয়ে মিথ্যা কথা বলেন—দেশে কোনো বিদ্যুৎ সংকট নেই।’

তিনি বলেন, বাস্তবে বিদ্যুৎ সংকটে দেশের মানুষ নাজেহাল হয়ে গেছে। ‘আমরা বুঝে গেছি, এ সরকার দিয়ে দেশের কোনো উন্নয়ন হবে না। আমরা বিগত আওয়ামী ফ্যাসিবাদী আমল ও জুলাই আন্দোলনসহ দেশের সব হত্যাকাণ্ডের দ্রুত বিচার দেখতে চেয়েছিলাম। কিন্তু এ সরকার এখন পর্যন্ত কোনো বিচারের অগ্রগতি দেখাতে পারেনি।’

ফেনী জেলা জামায়াতের আমির মুফতি মাওলানা আব্দুল হান্নান ও সেক্রেটারি মাওলানা আব্দুর রহিমের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, আমার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মুফতি মুসা বিন ইজহার চৌধুরী, লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডিয়াম সদস্য ড. নিয়ামুল বশির, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজি, বাংলাদেশ লেবার পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম এবং ঢাকা মহানগরী উত্তর বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি ড. রেজাউল করিম প্রমুখ।

সমাবেশ শেষে লং মার্চে অংশ নেওয়া নেতৃবৃন্দ চট্টগ্রামের উদ্দেশে ফেনী ছাড়েন। মিরসরাই বাজারে একটি পথসভা করার কথা রয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।