দেশ যখনই সংকটে পড়েছে, বিএনপি তখনই হাল ধরেছে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭:০২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের সাথে বিএনপি, শহীদ জিয়া ও প্রয়াত খালেদা জিয়ার নাম ওতপ্রোতভাবে জড়িত। যখনই দেশ সংকটে পড়েছে, তখনই বিএনপি দেশের হাল ধরেছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বিএনপি কখনো লুকিয়ে বা গুপ্তভাবে কোনো কর্মকাণ্ড করেনি। জনগণের অধিকার আদায়ে দলটি সব সময় রাজপথে ছিল। দেশে ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য যতগুলো নির্বাচন হয়েছে, ততবারই বিএনপি সরকার গঠন করেছে।

তারেক রহমান বলেন, এ মুহূর্তে দেশে সবচেয়ে বড় সমস্যা জ্বালানি সংকট।

তিনি বলেন, সমস্যা সমাধানে কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তা বাস্তবায়নে কিছুটা সময় লাগবে। ভবিষ্যতে যেন এ ধরনের কোনো সংকট তৈরি না হয়, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, ‘স্বৈরাচারই হোক অথবা অন্তর্বর্তী সরকারের সৃষ্টি করা সমস্যা হোক, সেগুলো সমাধানের চেষ্টা চলছে।’

তিনি বলেন, ‘এই সমস্যাকে কেন্দ্র করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে। কেউ যদি অরাজকতা করতে চায়, তাহলে দেশের আইনে বলা আছে কীভাবে তা নিয়ন্ত্রণ করতে হবে। প্রত্যেকেরই নিজের সীমার মধ্যে থাকা দরকার।’