হজে সাশ্রয় হওয়া ৪ কোটি টাকা হাজিদের ফেরত দেওয়া হচ্ছে : ধর্মমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩:০৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০২৬
সরকারি ব্যবস্থাপনায় ২০২৬ সালের হজে সাশ্রয় হওয়া প্রায় ৪ কোটি ৮৭ লাখ টাকা হাজিদের ফেরত দিচ্ছে ধর্ম মন্ত্রণালয়।
সরকারি ব্যবস্থাপনায় হজ পালন করা ৪ হাজার ৩৪১ জন হাজির ব্যাংক হিসাবে সরাসরি এই অর্থ পাঠানো হবে।
রোববার সচিবালয়ে সরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের সৌদি পর্বের অব্যয়িত অর্থ ফেরত দেওয়ার বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।
ধর্মমন্ত্রী বলেন, বাড়িভাড়া সাশ্রয় এবং সার্ভিস চার্জ কমে যাওয়ায় হজ প্যাকেজের অর্থ থেকে এই টাকা সাশ্রয় হয়েছে। সাশ্রয় হওয়া অর্থ সংশ্লিষ্ট হাজিদের ব্যাংক হিসাবে পাঠিয়ে দেওয়া হবে।
তবে হজ প্যাকেজ ও আবাসনের ধরন অনুযায়ী ফেরত পাওয়া অর্থের পরিমাণ ভিন্ন হবে।
হজ প্যাকেজ-১-এর আওতায় সাধারণ প্যাকেজের হাজিরা ৩৮ হাজার ৬৯৭ টাকা এবং শর্ট প্যাকেজের হাজিরা ৪৬ হাজার ৮৮৮ টাকা করে ফেরত পাবেন।
দুই সিটের আপগ্রেডেশনের ক্ষেত্রে ফেরত দেওয়া হবে ১ লাখ ৬৪ হাজার ১৯০ টাকা। আর আপগ্রেডেশনের সঙ্গে শর্ট প্যাকেজে থাকা হাজিরা পাবেন ১ লাখ ৮০ হাজার ৫৭২ টাকা।
তিন সিটের আপগ্রেডেশনের হাজিরা পাবেন ১ লাখ ১৮ হাজার ৭২ টাকা। আর একই সঙ্গে শর্ট প্যাকেজে থাকলে ফেরত পাবেন ১ লাখ ৩১ হাজার ৭৩৫ টাকা।
প্যাকেজ-২-এর হাজিদের ক্ষেত্রেও আবাসন ও প্যাকেজ অনুযায়ী ভিন্ন অঙ্কের টাকা ফেরত দেওয়া হবে। সাধারণ প্যাকেজের হাজিরা পাবেন ২ হাজার ৫০৫ টাকা, আর শর্ট প্যাকেজের হাজিরা পাবেন ৮ হাজার ৭৩০ টাকা।
দুই সিটের আপগ্রেডেশনে ফেরত দেওয়া হবে ৬২ হাজার ৩৩১ টাকা, আর আপগ্রেডেশনসহ শর্ট প্যাকেজে থাকা হাজিরা পাবেন ৭৮ হাজার ৭১৩ টাকা।
এ ছাড়া বিভিন্ন আবাসন ও প্যাকেজের হাজিদের নির্ধারিত হারে অব্যয়িত অর্থ ফেরত দেওয়া হবে।
ধর্মমন্ত্রী জানান, ২০২৬ সালের হজে আগের বছরের তুলনায় বিমানভাড়া ২৪ হাজার ৮৩০ টাকা কমানো হয়েছিল।
এবার ২০২৭ সালের হজে বিমানভাড়া আরও কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে বলেও জানান তিনি।



