প্রথমবার জাহাজে হামলার ভিডিও প্রকাশ করল ইরান
ডেল্টা আর্ন্তজাতিক
প্রকাশিত: ৩:০৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০২৬
হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজে হামলার বিরল ভিডিও ফুটেজ প্রকাশ করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস—আইআরজিসি।
যুদ্ধ শুরুর পর এই প্রথম ইরানি গণমাধ্যমে সরাসরি জাহাজে হামলার এমন ভিডিও প্রকাশ করা হলো। যুক্তরাষ্ট্রের হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ ও জাহাজ চলাচলের পথ নিরাপদ রাখার দাবির পাল্টা জবাব হিসেবেই এই ভিডিও প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছে ইরান।
শনিবার প্রকাশিত ফুটেজে হরমুজ প্রণালিতে ইরানের নৌবাহিনীর নজরদারি এবং নির্দেশনা না মানা কয়েকটি জাহাজে হামলার দৃশ্য দেখা যায়।
ভিডিওর শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং সেন্টকমের কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপারের বক্তব্যের অংশ দেখানো হয়।
তাদের বক্তব্যে হরমুজ প্রণালি খোলা রয়েছে এবং যুক্তরাষ্ট্র জাহাজ চলাচলের পথ নিরাপদ রাখতে সক্ষম—এমন দাবি তুলে ধরা হয়।
এরপরের দৃশ্যে ইরানি নৌবাহিনীকে কয়েকটি জাহাজের কাছাকাছি গিয়ে নজরদারি করতে দেখা যায়। পরে নির্দেশনা না মানা জাহাজে হামলার দৃশ্যও দেখানো হয়।
ভিডিও প্রকাশের পাশাপাশি আইআরজিসি সতর্ক করে বলেছে, হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র অবৈধভাবে চলাচলকারী জাহাজকে নিরাপদে পার করে দিতে পারবে—এমন দাবির ওপর নির্ভর না করতে।
ইরানের দাবি, হরমুজ প্রণালির ওপর তাদের কার্যকর নিয়ন্ত্রণ রয়েছে এবং অনুমতি ছাড়া চলাচলকারী জাহাজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ইরানি বাহিনীর ভাষ্য, যুক্তরাষ্ট্র আঞ্চলিক দেশগুলোর নিরাপত্তা ও সামুদ্রিক বাণিজ্যের জন্য বড় হুমকি। মার্কিন সমর্থন ও এসকর্ট অভিযানকে ‘বড় মিথ্যা’ বলেও মন্তব্য করেছে আইআরজিসি।
বিশ্লেষকদের মতে, শুধু হামলার ভিডিও প্রকাশই নয়, বরং ইরানি গণমাধ্যমে এসব অভিযানকে সরাসরি প্রতিশোধমূলক অভিযান হিসেবে তুলে ধরার বিষয়টিও গুরুত্বপূর্ণ।
রুশ ও মধ্যপ্রাচ্যবিষয়ক গবেষক এবং বিবিসির অতিথি আলোচক আরমান মাহমুদিয়ান সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দাবি করেছেন, ভিডিওতে অন্তত দুটি জাহাজে হামলার দৃশ্য রয়েছে। এর মধ্যে একটি জাহাজকে সিএমএ সিজিএমের জাহাজ হিসেবে শনাক্ত করা যায় বলে তিনি উল্লেখ করেন।
এর আগে আইআরজিসি নৌবাহিনী যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট তিনটি জাহাজ এবং অনুমতি ছাড়া চলাচলকারী তিনটি তেলবাহী ট্যাংকারে হামলার কথা জানিয়েছিল। ইরানের দাবি, তাদের তেলবাহী জাহাজে যুক্তরাষ্ট্রের হামলার জবাবেই এসব অভিযান চালানো হয়েছে।
হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহনপথ। ফলে এই এলাকায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বাড়লে আন্তর্জাতিক জ্বালানি ও সামুদ্রিক বাণিজ্যে এর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।
তেহরান জানিয়েছে, মার্কিন নৌ ও অর্থনৈতিক অবরোধ প্রত্যাহার এবং বিভিন্ন ফ্রন্টে হামলা বন্ধ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি পুরোপুরি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে তারা আগের অবস্থানেই রয়েছে।



